যে কারণে অর্থবহ ওয়াহিদার দাদা সাহেব ফালকে সম্মাননা

যে কারণে অর্থবহ ওয়াহিদা রেহমানের দাদা সাহেব ফালকে সম্মাননা বলিউড ইন্ডাস্ট্রির সর্বকালের সেরা অভিনেত্রীর তালিকায় প্রথম দিকেই থাকবেন ওয়াহিদা রেহমান। শুধুই তাক লাগানো সৌন্দর্য নয়, শাস্ত্রীয় নাচের পারদর্শিতা, দুর্দান্ত অভিনয়দক্ষতা আর শিক্ষিত অভিনেত্রী হিসেবে তিনি হয়ে ওঠেন অনন্য। তিনি এমন সব সিনেমা নির্বাচন করেছেন তার ক্যারিয়ারে যা এখনো সমসাময়িক। এই অভিনেত্রীকে ভারত সরকারের অন্যতম পুরস্কার ‘দাদা সাহেব ফালকে’র আজীবন সম্মাননায় ভূষিত করা হয়েছে। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য তাকে এই পুরস্কারে সম্মানিত করা হলো। গত মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর এই ঘোষণা দেওয়ার পর ওয়াহিদা নিজেও এ বিষয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ভারত সরকারের এমন বড় সম্মাননা গ্রহণ করেছি।’ তিনি আরও বলেন, ‘দেব আনন্দের (হিন্দি সিনেমার অন্যতম সফল জুটি ওয়াহিদা-দেব আনন্দ) জন্মদিনে এই পুরস্কার গ্রহণ করে আমার আনন্দ আরও বেড়ে গেছে।’

ভারতীয় সিনেমায় নিজের অবদানের কথা এভাবে জানালেন এই কিংবদন্তি অভিনেত্রী, ‘আমি ফিল্ম ক্যারিয়ারে সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে সব সময় কিছু বিষয় মাথায় রেখেছি। এমন সিনেমা করেছি যাতে প্রগতিশীল চিন্তার বহিঃপ্রকাশ ঘটেছে। নারীর অসম্মান হয় এমন কাজ করিনি। এখনকার নারীদের মতো আমাদের সময়ে নারীদের ভাবনা ছিল না। কিন্তু তখনো আমি চেষ্টা করেছি নারী স্বাধীনতা, নারীর স্বকীয়তা ও নারীর ভেতরের সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে। আমার সেই সচেতন প্রচেষ্টা সবার কাছে আজ গ্রহণযোগ্য হয়েছে। তাই এই পুরস্কার আমার জন্য অর্থবহ।’

ওয়াহিদা রেহমান ‘গাইড’, ‘পিয়াসা’, ‘কাগজ কে ফুল’, ‘সাহেব বিবি গোলাম’, ‘খামোশি’র মতো ছবি দিয়ে সিনেমার ইতিহাসে নতুন ধারার সৃষ্টি করেন। শুধু বক্স অফিস নয়, তার অসাধারণ অভিনয় মন কেড়েছিল দর্শক থেকে ফিল্ম সমালোচকদেরও। প্রায় ৫ দশক ধরে সিনে পর্দায় দাপিয়ে অভিনয় করেছেন ওয়াহিদা। ২০১৫ সালে কমল হাসান অভিনীত ‘বিশ্বরূপম ২’ ছবিতে দেখা গিয়েছিল তাকে। ১৯৫৬ সালে ‘সিআইডি’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে হিন্দি সিনেমার জগতে প্রবেশ করেন। ১৯৫৭ সালে ‘পিয়াসা’ ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করে পান তারকাখ্যাতি। এরপর ষাট, সত্তর ও আশির দশকে তিনি ছিলেন হিন্দি সিনেমার খ্যাতিমান অভিনেত্রী। শুধু তাই নয়, তিনি সত্যজিৎ রায়ের ‘অভিযান’ ছবিতেও অভিনয় করেছেন।