সম্মোহনী নেতৃত্বের সমান্তরালে শেখ হাসিনাকে রূপান্তরের নেতৃত্বও বলা যায়; যে দুটো গুণ বঙ্গবন্ধুর মধ্যেও ছিল। স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু সময় পেয়েছিলেন ১,৩১৪ দিন; যে সময়ে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার আমলে বাংলাদেশ যে অনেক বদলে গেছে, তার প্রমাণ বিভিন্ন আর্থ-সামাজিক সূচকে প্রতীয়মান। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ও দেশের
মানুষের প্রতি যে ভালোবাসা তা অনন্য। দেশের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তার উন্নয়নের যাদুর কাঠির স্পর্শে সজীব হয়নি। এখন এটি ধ্রুব সত্য যে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বেই অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশ।
প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা এবং গতিশীল নেতৃত্বে দেশ করোনা মহামারি দক্ষতার সাথে মোকাবেলায় সমর্থ হয়। যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেরিত একটি বার্তায় বাংলাদেশকে এশিয়ার মধ্যে একটি নেতৃত্বশীল দেশ হয়ে ওঠায় প্রশংসা করা হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে পররাষ্ট্র নীতিতে নিরপেক্ষতা বজায় রাখার কৌশল, পাশাপাশি এশিয়ার দু'টি বৃহৎ রাজনৈতিক পরাশক্তি চীন এবং ভারতকে আস্থায় রেখে নিরপেক্ষ পররাষ্ট্রনীতির কৌশল বিশ্ববাসীর প্রশংসা কুড়িয়েছে। এমনকি খোদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এ ব্যবস্থায় সন্তুষ্ট।
দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সম্ভাবনার নতুন দিগন্তে বাংলাদেশ। দীর্ঘদিন নেতৃত্বে থেকে শেখ হাসিনা সত্যিই বদলে দিয়েছে বাংলাদেশ। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত একটি বড় অর্জন। বিশ্বের বুকে আজ বাংলাদেশ মর্যাদার আসনে দাঁড়িয়েছে। গোটাবিশ্ব দেখেছে বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধির ক্ষেত্রে শেখ হাসিনার ম্যাজিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ও সাহসী নেতৃত্বের কারণেই বৈশ্বিক সংকটের মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কাছে জনগণের প্রত্যাশাটাও অনেক বেশি। তবে সবচেয়ে বেশি কঠিন ছিল শেখ হাসিনার এগিয়ে চলার পথ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে ছাত্রজীবন থেকে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। বর্তমানে শুধু জাতীয় নেতাই নন, তিনি আজ একজন বিচক্ষণ বিশ্বনেতা হিসেবে অবতীর্ণ হয়েছেন। গণতান্ত্রিক রাজনীতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহসী নেতৃত্ব জনগণের কাছে আদর্শ ও অনুপ্রেরণার প্রতীক হয়ে আছেন দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা শেখ হাসিনা।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এর মধ্যে যত রাজনৈতিক বিতর্ক থাকুক না কেন, অনিশ্চয়তা সত্ত্বেও রাজনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়ন পরিকল্পনার অটল বাস্তবায়নের মধ্য দিয়ে অর্থনৈতিকভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার মূল কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। শেখ হাসিনার যুগোপযোগী ও ক্যারিশম্যাটিক রাজনৈতিক নেতৃত্ব, চারিত্রিক দৃঢ়তা, প্রজ্ঞা ও দূরদর্শিতা একটি পড়ন্ত-ক্ষয়িষ্ণু রাজনৈতিক দলকে উজ্জীবিত, গতিশীল ও সক্ষম দলে পরিণত করেছে। দলকে টানা দীর্ঘতম সময় ধরে ক্ষমতায় অধিষ্ঠিত রাখার একক কৃতিত্ব শেখ হাসিনার। সেই ১৯৮১ সালে দেশে প্রত্যাবর্তনের পর থেকে তিনি প্রথমে আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামোকে সুসংহত করেন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে জাতীয় রাজনীতির অন্যতম কেন্দ্রীয় চরিত্রে পরিণত করেন।
১৯৭৫-এর ১৫ আগস্ট নির্মমভাবে পিতা-মাতাসহ পরিবারের প্রায় সব সদস্যের মৃত্যুর পর থেকে দেশে বৈরী রাজনৈতিক পরিবেশ, বিলুপ্তপ্রায় আওয়ামী লীগকে অন্যতম রাজনৈতিক শক্তিতে পরিণত করা, একুশ বছর ক্ষমতার বাইরে থাকার পর ১৯৯৬ সালে দলকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসা, নিজের সুযোগ্য নেতৃত্বের স্বাক্ষর রেখে যাওয়া এবং ৭ বছরের মধ্যে সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আওয়ামী লীগকে দেশের একক রাজনৈতিক শক্তিতে পরিণত করার ইতিহাস এখনও গল্পের মতো মনে হয়। এর পেছনে রয়েছে পিতার কাছ থেকে পাওয়া শেখ হাসিনার নেতৃত্বের শিক্ষা এবং কঠিন পরিস্থিতিতে নিজেকে সময়ের সাথে মানিয়ে নেয়ার মধ্য দিয়ে সংকট উত্তরণের অনুকরণীয় রাজনৈতিক শিক্ষা ও নিরলস চেষ্টা। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতার কঠিন বাস্তবতার মধ্যেও আওয়ামী লীগের নেতৃত্বে অর্থনৈতিকভাবে বাংলাদেশের এগিয়ে যাওয়ার স্থিতিশীল ধারাক্রম বিশ্বে বিস্ময় সৃষ্টি করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মূল্যায়নে গত এক দশকে তৃতীয় বিশ্বে উন্নয়নের রোল মডেল হয়ে উঠেছে বাংলাদেশ। এ কৃতিত্ব শেখ হাসিনা এবং তার সুযোগ্য নেতৃত্বের। দল, সরকার এবং রাজনীতিতে তিনি ইতোমধ্যে অপরিহার্য একক শক্তিতে পরিণত হয়েছেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধিতে দেশের প্রতিটি জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত সর্বমহলে প্রশংসিত হয়েছে। বর্তমানে দেশের অবকাঠামোগত উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি ঈর্ষণীয়। স্বপ্নের পদ্মাসেতু দৃশ্যমান , বঙ্গবন্ধু টানেল নির্মাণ, মেট্রোরেল চালু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাস্তবায়ন, উপজেলাভিত্তিক মডেল মসজিদ প্রতিষ্ঠা ও যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়নের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধ জনপদে পরিণত হয়েছে। এছাড়া বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সরকার প্রধান থাকায়, বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তি, একাত্তরের ঘাতক যুদ্ধাপরাধীদের বিচারকার্য সম্পন্ন করা, সংবিধান সংশোধনের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠা, ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি এবং সমুদ্রে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রাসহ অসংখ্য ক্ষেত্রে কালোত্তীর্ণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ।
ডিজিটাল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের নতুন সংযোজন স্মার্ট বাংলাদেশ, যা পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে বর্তমান সরকার কর্তৃক। 'স্মার্ট বাংলাদেশ' বলতে স্মার্ট নাগরিক, সমাজ, অর্থনীতি ও স্মার্ট সরকার গড়ে তোলা হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আর্থিক খাতের কার্যক্রম স্মার্ট পদ্ধতিতে রূপান্তর হবে। এ জন্য সরকারি ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং এর উন্নয়নে একটি দক্ষ ও স্বচ্ছ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কার্যক্রম গ্রহণ করা হবে। এ ছাড়া বিভিন্ন কার্যক্রম ডিজিটাইজেশন করা হবে। ২০৪১ সাল নাগাদ একটি 'স্মার্ট বাংলাদেশ' গড়ে তোলা সরকারের নতুন রূপকল্প দ্রুত বাস্তবায়নে সারা বছর ধরে বিভিন্ন সরকারি সেবা সহজীকরণ করতে এটুআই বেশ কিছু ডিজিটাল প্রোগ্রাম উদ্ভাবন ও বাস্তবায়ন করেছে। বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে উন্নীত করার লক্ষ্যে 'ডিজিটাল বাংলাদেশ' এর সফল বাস্তবায়ন সরকারকে 'ভিশন-২০৪১' এর সঙ্গে সঙ্গতি রেখে একটি উদ্ভাবন ও জ্ঞানভিত্তিক 'স্মার্ট বাংলাদেশ' গড়ার নতুন লক্ষ্য গ্রহণ করতে উৎসাহ যুগিয়েছে। স্মার্ট বাংলাদেশের প্রত্যেকটা সিটিজেন প্রযুক্তি ব্যবহারে দক্ষ হবে। স্মার্ট সিটিজেন উইথ স্মার্ট ইকোনমি; অর্থাৎ ইকোনমির সমস্ত কার্যক্রম এই প্রযুক্তি ব্যবহারে সম্পন্ন হবে। স্মার্ট গভর্নমেন্ট; ইতোমধ্যে এটি অনেকটা বাস্তবায়ন হয়েছে । মূল পরিকল্পনা বাস্তবায়নের ফলে আমাদের সমস্ত সমাজটাই হবে স্মার্ট সোসাইটি যা সময়ের অপেক্ষা মাত্র। সুতরাং বলা যায়, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ হবে সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিভিত্তিক, জ্ঞানভিত্তিক এবং উদ্ভাবনী বাংলাদেশ। স্মার্ট সিটি ও স্মার্ট ভিলেজ বাস্তবায়নের জন্য স্মার্ট স্বাস্থ্যসেবা, স্মার্ট ট্রান্সর্পোটেশন, স্মার্ট ইউটিলিটিজ, নগর প্রশাসন, জননিরাপত্তা, কৃষি, ইন্টারনেট কানেক্টিভিটি ও দুর্যোগ ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।
পরিশেষে বলতে চাই, নানা ঘাত-প্রতিঘাত ও প্রতিকূলতার মধ্যেও শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে অর্থনৈতিকভাবে এগিয়ে চলছে তার তুলনা নেই। বিশেষত বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকসহ আন্তর্জাতিক ঋণচুক্তি বাতিলের পরও পদ্মাসেতুর মতো মেগা প্রকল্প সফলভাবে বাস্তবায়নসহ অবকাঠামোখাতে দেশকে আমূল পাল্টে দেয়ার মতো উন্নয়নের কৃতিত্ব শেখ হাসিনার। তার ব্যক্তিগত দৃঢ়তা ও সাহসী নেতৃত্বের কারণেই তা সম্ভব হয়েছে। এটি স্বীকার করতে হবে, দেশের এই সত্যিকারের বদলে যাওয়ার প্রধান রূপকারই হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘তলাবিহীন ঝুড়ির’ অপবাদকে চ্যালেঞ্জ করে বাংলাদেশ এখন সারাবিশ্বের সামনে উন্নয়নের রোল মডেল। জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং নানা চড়াই-উতরাই ও অন্ধকারের যুগ পেরিয়ে বাংলাদেশ আজ উন্নয়ন-সমৃদ্ধির মহাসোপানে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ গোটাবিশ্বের সামনে এক বিস্ময়ের নাম। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের নতুন সংযোজন স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে অনন্য উচ্চতায় আসীন হবে বাংলাদেশ।
লেখক: সাবেক সহ-সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি ও সাবেক সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র।