নড়াইলে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেলেন ১২০০ রোগী

নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নে দিনব্যাপী বিনা মূল্যে ১২শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। একই সাথে বিনা মূল্যে ওষুধ প্রদান করা হয়েছে। নড়াইলের বিশিষ্ট শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদ ও মানবিক জঙ্গল গ্রামের যৌথ আয়োজনে এ চিকিৎসা সেবা দেয়া হয়।

মেডিকেল ক্যাম্পে ২২জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটির উদ্যোগে বিনামূল্যে রক্ত পরীক্ষা, গ্রুপ নির্ণয় এবং ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে জঙ্গলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

শিক্ষাবিদ মরহুম শরীফ আতিয়ার রহমানের বড় ছেলে সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার শরীফ জাহাঙ্গীর আতীক বলেন, আমার পিতা মরহুম শরীফ আতিয়ার রহমান একজন শিক্ষাবিদ ছিলেন। পিতার আত্মার মাগফেরাত কামনাসহ তাঁর উত্তরসূরি হিসেবে আমাদের পরিবারের ৬জন চিকিৎসক প্রতি মাসের শেষ শুক্রবারে সারা দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছি।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন বলেন, বিভিন্ন এলাকায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প এবং মরহুম শরীফ আতিয়ার রহমানের বাড়িতে প্রতিমাসের শেষ শুক্রবার বিনামূল্যে রোগী দেখা হয়। এটি নিঃসন্দেহে ভালো উদ্যোগ। মেডিকেল ক্যাম্প সুষ্ঠভাবে সম্পন্নের জন্য যুব রেডক্রিসেন্টের সদস্যরা সার্বিক সহযোগিতা করে আসছে।