নতুন কমান্ডার পেয়ে আবারও ইউক্রেনে ওয়াগনার সেনারা

ইউক্রেনে যুদ্ধের ময়দানে আবারও ফিরেছেন ভাড়াটা সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের সেনারা। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল শুক্রবার এক গোয়েন্দা তথ্যে জানায়, ওয়াগনার সংশ্লিষ্ট কয়েকশ সেনাকে পুনরায় ইউক্রেনে মোতায়েন করা হয়েছে। তবে এসব সেনা ওয়াগনারের অধীনে না এসে ছোট ছোট দলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন ইউনিটে যোগ দিচ্ছে। আর তাদের দোনেৎস্ক অঞ্চলে বিশেষ করে বাখমুতে মোতায়েন করা হবে বলে ধারণা করা হচ্ছে। কারণ সেখানে যুদ্ধ করার অভিজ্ঞতা রয়েছে তাদের। এদিকে ওয়াগনারের সাবেক সেনারা যখন যুদ্ধের ময়দানে ফিরে আসছে ঠিক তখনই বাহিনীটির প্রয়াত সাবেক প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের সহযোগী আন্দ্রেই ত্রোশেভকে ইউক্রেন যুদ্ধে ‘স্বেচ্ছাসেবী সেনাদের’ দেখভালের দায়িত্ব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন।  সিরিয়া যুদ্ধে ওয়াগনারের অন্যতম নেতা ছিলেন ত্রোশেভ।