ব্রিটিশ রাজপরিবারের ওয়েবসাইটে হ্যাকারদের হামলা

সাইবার হামলার শিকার হয়েছে ব্রিটিশ রাজপরিবারের অফিশিয়াল ওয়েবসাইট। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম টেলিগ্রাফ জানায়, এই হামলার পেছনে রুশ হ্যাকাররা জড়িত। হামলার কারণে ঘণ্টা-দেড়েক রাজপরিবারের ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি। পরে সেটি পুনরুদ্ধার করা হয়। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে রুশ হ্যাকার গ্রুপ ‘কিলনেট’ এই সাইবার হামলার দায় স্বীকার করেছে। তবে এই হামলা রাজপরিবারের ওয়েবসাইটের বড় কোনো ক্ষতি করতে পারেনি। ঘণ্টা-দেড়েক পর সেটা পুনরুদ্ধার করা সম্ভব হয়। ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর বিভিন্ন ওয়েবসাইটে হামলার জন্য পরিচিত কিলনেট। ইউক্রেনে রুশ হামলা শুরুর পর হ্যাকার গ্রুপটি আরও বেশি সক্রিয় হয়ে ওঠে। কিলনেট হুঁশিয়ারি দিয়েছে, ‘ইউক্রেন যুদ্ধ ঘিরে যেসব দেশ রাশিয়ার বিরোধিতা করছে, সেসব দেশকে লক্ষ্য করে সাইবার আক্রমণ চালিয়ে যাওয়া হবে।’