মাছ দিয়ে তৈরি হলো চা! ভ্লগারের কাণ্ডে বমি পেল নেটিজেনদের

মাছে-ভাতে বাঙালির দিনের শুরুই হয় চা দিয়ে। কিন্তু মাছের চা? হ্যাঁ, সম্প্রতি মাছের চা তৈরি করা শেখালেন এক বাংলাদেশি মহিলা। চার দিনেই সেই ভিডিও দেখে ফেলেছেন ৩৫ লাখ মানুষ। আর আপনি?

মাছের চপ থেকে মাছের কাটলেট কিংবা কোরমা, বাঙালির খাদ্যতালিকা অসম্পূর্ণ মাছ ছাড়া। অন্যদিকে সকাল হোক বা সন্ধ্যা চা ছাড়া বাঙালির চলে না। কিন্তু চা আর মাছ প্রেমী বাঙালি কি মাছের চা খাবে? হ্যাঁ, এমনই এক ভাইরাল চায়ের রেসিপি নিয়ে হাজির এপার বাংলার এক ফুড ভ্লগার। নাম সুলতানা। চার দিন আগে নিজের ফেসবুকে পেজে ওই ভাইরাল মাছের চা'র রেসিপি শেয়ার করেন 'সুলতানাজ কুক' নামে পারসোনাল ব্লগে। আর নিমেষেই ভাইরাল সেই ভিডিও। ইতিমধ্যেই ৩৬ লাখ মানুষ দেখে ফেলেছেন সেই ভিডিও, ভিউ সংখ্যা প্রতি মুহূর্তে বাড়ছে।

মাছের লেজ দিয়ে চা তৈরি হতে দেখে চোখ গোল সবার। আসলে চা অনেকরকমভাবেই তৈরি হয়। কেউ দুধ দিয়ে চা ভালোবাসেন, কেউ দুধ-ছাড়া কেউ মশলা চা পছন্দ করেন তো ফিটনেস ফ্রিকরা গ্রিন টির কাপে চুমুক দেন। আজকাল তো হরেক রমকের হার্বাল টি, ব্লু টি পর্যন্ত বাজারে রমরমিয়ে বিক্রি হচ্ছে। কিন্তু তাই বলে মাছ দিয়ে তৈরি হবে চা! ব্যাপারটা হজম করা বেশ কষ্টসাধ্য।

ভিডিওয় দেখা গেল, সুলতানা প্যানে চা পাতা এবং চিনি দিয়ে ভালোভাবে নাড়তে থাকেন। সঙ্গে জানান, এটা ভুনা চা। এর থেকে ক্যারামেল বার করতে হবে। চিনি গলে গেলে এক কাপ দুধ এবং এক কাপ পানি ফুটিয়ে নেন। এরপর একদম কাঁচা মাছ সেই চা-চিনি-দুধ এবং পানির মিশ্রণে দিয়ে নেন। সঙ্গে জানান, তার কাছে পুঁটি মাছ দিয়ে চা বানানোর এবং লইট্যা-শুঁটকি দিয়ে চা বানানোর অনুরোধ এসেছিল। কিন্তু ঘরে শুধু মাছের লেজ থাকায় সেটি ব্যবহার করেই এই রেসিপি তৈরি করলেন তিনি। এরপর চায়ে মাছটিকে ফুটিয়ে সিদ্ধ করেন। সব শেষে সিদ্ধ মাছটি চায়ের পাত্র থেকে বের করেন। কাপে চা ছেঁকে নেন এবং একটি আইসক্রিমের কাঠিতে মাছটি সাজিয়ে ওই গ্লাসের মধ্যে ডুবিয়ে পরিবেশন করেন।

এই ভিডিও ঘিরে শোরগোল সোশালে। কটাক্ষের সুরে একজন লেখেন—'এই ভিডিওটা দেখার পর থেকে আমার দুধ চায়ের ওপরেই অভক্তি হয়ে গেল'। অপর একজন লেখেন, 'ওয়াক, বমি আসছে'। মজার সুরে একজন লেখেন- 'বিয়ে করার ইচ্ছা না থাকা সত্ত্বেও বাড়িতে পাত্রপক্ষ দেখতে আসলে এই চাটা পরিবেশন করা উচিত'। কেউ কেউ ঠাট্টা করে তার কাছে চিকেনের চায়ের রেসিপি শেখানোর আবদার করে। আবার অনেক নেটিজেন লেখেন- 'বমির রিয়াক্ট-টা কোথায় গেল রে!'

মাছ ফ্লেবারের চা বানানো শেষে অবশ্য ভ্লগার জানান, তার নরমাল চা থেকেই ভালো লাগে। এটা 'রিকুয়েস্টেড ভিডিও’, তিনি ফলোয়ারের আবদার পূরণ করেছেন মাত্র।

যদিও জানেন কি ফিশ টি সত্যিই একটি জনপ্রিয় খাবার। ক্যারাবিয়ান এবং জামাইকানরা এটি স্যুপ হিসাবে পান করেন। নারকেলের দুধ, কুমড়ো, আলু, কাঁচা কলা, ক্যাসাভা এবং লাল আলু দিয়ে তৈরি হয় এই খাবার।