খারাপ পারফরম্যান্সের কারণে একটা সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নাজমুল হোসেন শান্তকে ট্রলের স্বীকার হতে হয়েছে। সেই শান্তই এখন তিন নম্বর পজিশনে ধারাবাহিক পারফর্মার। গতকাল বিশ্বকাপের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে অবশ্য নেমেছিলেন চার নম্বরে। তবে বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রান এসেছে তার ব্যাট থেকেই। ৮৩ বলে অপরাজিত ৫৯ রান করেন শান্ত। তার ইনিংসে ছিল ৩ চার ও ১ ছক্কা।
এ নিয়ে টানা চার ওয়ানডেতে পঞ্চশ বা তার বেশি রান করলেন শান্ত। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজে খেলেছিলেন একটি ম্যাচ। করেন ৭৬ রান। এশিয়া কাপেও দারুণ ফর্মে ছিলেন শান্ত। ইনজুরিতে পড়ার আগে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯ রান করার পর আফগানিস্তান ম্যাচে লাহোরে করেন সেঞ্চুরি (১০৪)। এশিয়া কাপের আগে অবশ্য ঘরের মাঠে আফগানদের বিপক্ষে সিরিজে হাসেনি তার ব্যাট। তিন ম্যাচে করেন মোট ২৪ রান। শান্তর ওপর আস্থা আছে টিম ম্যানেজমেন্টের। শান্ত এমন ধারাবাহিক থাকুক সেটাই চাইবে বাংলাদেশ দল।