চলছে ওয়ানডে বিশ্বকাপ। রবিবার ৪৯ বলে দ্রুততম সেঞ্চুরি করছেন এইডেন মার্করাম। এমন সময়ে ৫০ ওভারের ক্রিকেটে ২৯ বলে দ্রুততম সেঞ্চুরির নতুন বিশ্বরেকর্ড গড়ে নজর কেড়েছেন অস্ট্রেলিয়ার জেক ফ্রেসার ম্যাকগার্ক।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ছাড়াও আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর সর্বোচ্চ ঘরোয়া লিগের একদিনের ম্যাচগুলোকে লিস্ট ‘এ’ ম্যাচ হিসেবে স্বীকৃতি দেয় আইসিসি। অস্ট্রেলিয়া ঘরোয়া লিস্ট ‘এ’ প্রতিযোগিতা দা মার্শ কাপে রবিবার রেকর্ডটি গড়েন সাউথ অস্ট্রেলিয়ার ২১ বছর বয়সী ম্যাকগার্ক। ভেঙে দেন তিনি ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের করা ৩১ বলে সেঞ্চুরির রেকর্ডটি।
অ্যাডিলেডে আগে ব্যাটিংয়ে নেমে অতিথি তাসমানিয়া তুলে ৯ উইকেটে ৪৩৫ রান, অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টের ইতিহাসে যা সর্বোচ্চ। রেকর্ড রান তাড়া করতে নেমে জবাবটা বিস্ফোরক ইনিংসে দেন ম্যাকগার্ক। অবশ্য দলীয় ইনিংসের শুরুর দুই ওভারে মাত্র ১ বল খেলার সুযোগ পান ম্যাকগার্ক। ঝড়টা শুরু করেন তিনি ইনিংসের তৃতীয় ওভার থেকে, তাসমানিয়া পেসার স্যাম রেইনবার্ডের ওভারে চার ছক্কা ও দুই চারে ৩২ রান নিয়ে। ফিফটি আসে ১৮ বলে, অস্ট্রেলিয়ার ঘরোয়া লিস্ট ‘এ’ টুর্নামেন্টে এটাও দ্রুততম। এর আগে ১৯ বলে ফিফটির রেকর্ড ছিল গ্লেন ম্যাক্সওয়েলের।
ইনিংসের নবম ওভারেই সেঞ্চুরিতে পা রাখেন ম্যাকগার্ক। অস্ট্রেলিয়ার জাতীয় দলে খেলা পেসার বিলি স্টানলেকের বলে টানা তিন ছক্কা মারেন তিনি। এরপর বাউন্ডারি আর সিঙ্গেলে পান কাক্সিক্ষত তিন অঙ্কের স্বাদ। সেঞ্চুরির পরও চলে তার ঝড়। স্পিনার প্যাডি ডুলির ওভারে হাঁকান টানা চারটি চার ও এক ছক্কা। লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথমবার সেঞ্চুরি করা ম্যাকগার্ক এর আগে ১৩ ইনিংস খেলে মাত্র একবার খেলতে পেরেছিলেন পঞ্চাশোর্ধ্ব ইনিংস। ম্যাকগার্কের এমন ব্যাটিংয়ের পরও অবশ্য জিততে পারেনি সাউথ অস্ট্রেলিয়া, ৪৬.৪ ওভারে গুটিয়ে যায় তারা ৩৯৮ রানে।