পরিচিত এক সাংবাদিককে দেখে সাইমন বার্নটন এগিয়ে এসে জানতে চাইলেন, ‘তোমাদের দলে সব কিছু ঠিকঠাক।’ ইংলিশ সাংবাদিক কাজ করেন দ্য গার্ডিয়ানে। একদল বাংলাদেশি সাংবাদিক তখন ধর্মশালা স্টেডিয়ামে প্রেসবক্সে বসে গল্পে মত্ত। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জেতায় দলের সঙ্গে ভারত সফরে আসা সাংবাদিকরাও ফুরফুরে। পরশু ম্যাচ শেষে ডিনারে ধর্মশালার প্রাণকেন্দ্র ম্যাকলয়েডগঞ্জে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে দেখা হতেই বললেন, ‘দলের সঙ্গে আমরাও এখন স্বস্তিতে।’
বোঝা যাচ্ছে দলের সঙ্গে কর্মকর্তা, সাংবাদিকরাও ম্যাচ নিয়ে চিন্তায় ছিলেন। ৬ উইকেটের দারুণ জয়ে স্বস্তির হিম বাতাস ছড়িয়েছে সবখানেই। একাদশে থাকা চার ক্রিকেটার মুশফিক, তাসকিন, তাওহীদ ও মোস্তাফিজের সঙ্গে তানজিম গতকাল স্টেডিয়ামে গিয়েছিলেন জিম করতে। বাকিরা যার যার মতো করে সময় কাটিয়েছেন। ইংল্যান্ডের পরবর্তী ম্যাচ মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে। তাই সাইমন কিছুটা খোঁজখবর নিলেন বাংলাদেশের। সঙ্গে দিয়ে গেলেন বাংলাদেশের জন্য বড় খবর। সেটা কী? বেন স্টোকসকে এই ম্যাচে খেলাবে না ইংল্যান্ড। কারণটাও অনর্গল বলে গেলেন, ‘ইংল্যান্ড ওকে নিয়ে ঝুঁকি নেবে না কারণ এই মাঠের আউটফিল্ড। এমনিতে ওর হাঁটুতে সমস্যা। আর ও ইনজুরিপ্রবণ। এই মাঠ ওর জন্য মানানসই নয়।’
হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে পা পড়লে মুগ্ধ হতে হবে সবাইকে। কিন্তু বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচের আউটফিল্ড নিয়ে হচ্ছে প্রবল সমালোচনা। যেখানে আফগানিস্তানের মুজিব উর রহমান একটুর জন্য বড় চোট থেকে বেঁচে গিয়েছেন। গত মে মাসে এই মাঠে আইপিএল খেলা চলাকালীন মাঠ ছিল সবুজাভ। এখন সবুজের নিচে ভারী বালির স্তর। ঘাসের ফাঁকে ফাঁকে দেখা যায় চিকচিকে বালি। কিছু জায়গায় দেখা মিলেছে প্যাচপ্যাচে গর্ত। যা খেলোয়াড়দের দৌড়ানো, ডাইভ দেওয়ার জন্য প্রবল ঝুঁকিপূর্ণ। দ্রুতগতির আউটফিল্ড না হওয়ায় ব্যাটসম্যানরাও থাকেন বিভ্রান্তিতে। ভালো কিছুর আশায় পুরনো ঘাস তুলে নতুন ঘাস লাগানো হয়েছিল। কিন্তু গত শীতের মেয়াদ লম্বা হওয়ায় পরিচর্যার সময় পাওয়া যায়নি। তাতেই হয়েছে বিপত্তি। ম্যাচের সময় ধারাভাষ্যকাররাও বারবার সমালোচনা করেন আউটফিল্ডের। ক্রিকেটারদের চোটের শঙ্কাসহ বিপদের জায়গাগুলো তুলে ধরেন তারা। এ নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সমালোচনা করেন আফগানিস্তানের কোচ জনাথন ট্রট, ‘ক্রিকেটারদের ডাইভ দিতে গিয়ে যদি অনিশ্চয়তায় পড়তে হয়... কিন্তু ক্রিকেটাররা যদি চোটে পড়ার শঙ্কায় থাকে... যেমন মুজিব বেশ ভাগ্যবান যে ম্যাচের শেষদিকে সে ভয়ানক কোনো হাঁটুর চোটে পড়েনি। এই ব্যাপারটায় তাই খেয়াল রাখা উচিত।’ সাবেক এই ইংলিশ ক্রিকেটার সেখানেই শান্ত হননি, ছবির মতো সুন্দর স্টেডিয়ামের আউটফিল্ড নিয়ে খুঁটিনাটি সব টেক্সট করে জানিয়েছেন ইংল্যান্ডের কোচিং স্টাফদের সবাইকে। স্টোকসকে আরও এক ম্যাচে বিশ্রামে রাখতে তাই দ্বিতীয়বার চিন্তা করতে হচ্ছে না ওদের টিম ম্যানেজমেন্টকে। কারণ শিরোপা ধরে রাখার মিশনে তাদের পরের ম্যাচগুলো আরও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ম্যাচটা বাটলার, মইন আলি, বেয়ারস্টোরা চালিয়ে নিতে পারবেন এই বিশ্বাস রয়েছে তাদের। এই বিশ্বাস তৈরি হওয়ার পেছনে বাংলাদেশের অবদানও রয়েছে। ২০১৫ সালের অ্যাডিলেডে হার। ওই হারের দুঃস্মৃতি এখনো নাকি তাড়িয়ে বেড়ায় ইংলিশদের। লম্বা সময় পেরিয়ে গেলেও সাইমন নিজ থেকে মনে করলেন, ‘বিশ্বকাপের ওই ম্যাচটা হারের পর ইংল্যান্ড নিজেদের খোলনলচে পাল্টে ফেলে। ওরা (ক্রিকেটাররা) বলে ওদের জন্য নাকি ওই হারটা খুব বিব্রতকর ছিল। ওদের অনেকের রাতের ঘুম হারাম করে দিয়েছিল। এরপরই তো সব বদলে গেল। ২০১৯ সালে চ্যাম্পিয়ন হলো। এবার যদি অন্তত সেমিফাইনাল খেলতে না পারে তাহলে নিজেদের প্রত্যাশাই তারা পূরণ করতে পারবে না।’
২০১৫ বিশ্বকাপের পর বাংলাদেশের ক্রিকেটও এগিয়েছে। ঘরের মাঠে দুর্দান্ত পারফর্ম করে ছোট-বড় সব দলকেই হারিয়েছে। বিদেশেও এসেছে টুকটাক সাফল্য। তবে ধারাবাহিকতা থাকেনি। তবে ডেঞ্জারাস কিছু খেলোয়াড় আছে বলে এই দলকে হালকাভাবে নেবে না ইংল্যান্ড তা মনে করিয়ে দিলেন দলের খুব কাছাকাছি থাকা সাংবাদিক সাইমন। ইংল্যান্ড দলের সঙ্গে বিদেশ সফরে থাকা সাংবাদিকদের আলাদা কদর করেন দলের মিডিয়া ম্যানেজার ড্যানি রুবেন। আজকের (গতকাল) অনুশীলনেও ছিল তেমন কিছু। উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো কেবল কথা বলেছেন ইংলিশ গণমাধ্যমে। বাংলাদেশি সাংবাদিকদের সেখানে প্রবেশাধিকার ছিল নিষিদ্ধ। সেখানেরই টুকরো খবর, বিশ্ব চ্যাম্পিয়নরা এই ম্যাচকে ঘিরে বেশ সতর্ক। কেননা নিউজিল্যান্ডের বিপক্ষে আউট অব বক্সে এসে রাচিন রবীন্দ্র তাক লাগিয়ে দিয়েছেন। বাংলাদেশেরও কেউ এমন কিছু করতে পারে সেই জুজু আছে ইংলিশ শিবিরে। আজ সকালে ইংল্যান্ড, দুপুরে বাংলাদেশ অনুশীলন করবে ধর্মশালায়। সেখানে আউটফিল্ড নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে। তবে মঙ্গলবারের ম্যাচের আগে মাঠের চিত্র বদলাবে না নিশ্চিত করেই বলা যায়।