ব্রাজিলের ফুটবল তারকা, বিশ্বকাপজয়ী এবং বার্সেলোনাকে চ্যাম্পিয়নস লিগ জেতানো সৃষ্টিশীল মাঝমাঠের জাদুকর রোনালদিনহো আসছেন বাংলাদেশে। ব্রুভানা গ্রুপের আমন্ত্রণে তিনি আসছেন বাংলাদেশে, এমনটাই জানিয়েছে সংস্থাটি। কিছুদিন আগেই বাংলাদেশ ঘুরে গিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। ব্যবস্থাপনায় নেপথ্যে যে মানুষটি ছিলেন সেই শতদ্রু দত্তের আমন্ত্রণে দুর্গাপূজায় কলকাতা আসছেন রোনালদিনহো, খুব সম্ভবত এবারও সেই একই কায়দায় ব্রাজিলিয়ান তারকাকেও ঢাকা ঘুরিয়ে কলকাতায় নিয়ে যাবেন তিনি।
ব্রুভানা গ্রুপ স্পোর্টস পানীয় প্রস্তুত ও বাজারজাতকারী একটি প্রতিষ্ঠান। তাদের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে জানান, ‘আমাদের এরকম একটা সিদ্ধান্ত হয়েছে যে রোনালদিনহোকে আমরা বাংলাদেশে আনছি। অনেক কিছুই এখনো বাকি আছে। কবে আসবে, কী করবে এসব এখনো চূড়ান্ত হয়নি’। মার্তিনেজের ঢাকা সফরও ছিল সংক্ষিপ্ত, ‘বাজপাখি’ ছিলেন খাঁচাবন্দি। অন্যদিকে কলকাতায় অনেক রকম আয়োজনে অংশ নিয়েছিলেন মার্তিনেজ। রোনালদিনহোকে নিয়েও শতদ্রু এমন অনেক আয়োজন কলকাতায় রাখছেন বলেই বিপণন করছেন। সৌরভ গাঙ্গুলীর সঙ্গে রোনালদিনহো দেখা করবেন, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যাবেন; ওপার বাংলায় এমন অনেক আয়োজনের কথাই শতদ্রু প্রচার করছেন ফেসবুকে। বাংলাদেশে রোনালদিনহো কী করবেন, সেসব এখনো চূড়ান্ত হওয়ার অপেক্ষায়।