কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্কের কারণে কোরিয়ান কোম্পানিগুলোকে প্রতিকূলতায় পড়তে হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেল আয়োজিত এক সেমিনারে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্যামসাং মোবাইল ফোনসহ ভোক্তাদের চাহিদা অনুযায়ী ইলেকট্রনিক পণ্য তৈরি করছে। চলতি বছর থেকে বঙ্গবন্ধু হাই-টেক পার্কে গাড়ি অ্যাসেম্বল করছে হুন্দাই। দেশীয় উৎপাদনের মাধ্যমে এসব কোম্পানি ভালো করছে। তবে, কাঁচামাল ও মধ্যবর্তী পণ্যের ওপর উচ্চ শুল্ক, মোবাইল চোরাচালান এবং পুরনো গাড়ি বিক্রির কারণে এসব কোম্পানিকে প্রতিকূলতার মুখে পড়তে হচ্ছে।
কোরিয়ান বিনিয়োগকারীদের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রম ও বিনিয়োগ দৃষ্টিভঙ্গি নিয়ে এ সেমিনারের আয়োজন করে ঢাকার কোরিয়ান দূতাবাস। অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, সিএসআরে কোরিয়ান কোম্পানিগুলো প্রতিশ্রুতিবদ্ধ। সিএসআর শুধু একটি নিছক শব্দ নয়, আমরা যে কমিউনিটির সঙ্গে কাজ করি তার প্রতিদানের প্রতিশ্রুতি।
তিনি বলেন, কোরিয়া বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ অংশীদার হতে চায়, যেমনটি আমরা আরএমজি সেক্টরে করেছি।