সাভারে চীনা রাষ্ট্রদূত

প্রকৃত বন্ধু কে সেটা বাংলাদেশের জনগণ জানে

যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, একটি রাষ্ট্র নিজেকে বাংলাদেশের বন্ধু দাবি করে; মানবাধিকার, গণতন্ত্র এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলে। তারা বাংলাদেশিদের ওপর একতরফা ভিসা বিধিনিষেধ আরোপ করেছে। এমনকি সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞাও আরোপ করছে। কিন্তু চীন এমনটা করে না। চীন কখনো অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। গতকাল বুধবার সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চীনের রাষ্ট্রদূত বলেন, ‘আমরা বাংলাদেশকে বৃহত্তর অর্থনৈতিক সাফল্য এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকার উন্নতির জন্য সাহায্য করতে চাই। বাংলাদেশের প্রকৃত বন্ধু কে, সেটা বাংলাদেশের জনগণ জানে। প্রয়োজনের সময় যে বন্ধু, সে-ই তো প্রকৃত বন্ধু।’

এর আগে রাষ্ট্রদূত ওয়েন বেসরকারি ওই হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট হস্তান্তর করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান এনামুর রহমান এনামের কাছে এসব কিট হস্তান্তর করেন তিনি।

এর আগে গত সোমবার ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছিলেন, ‘চীনের নিয়ন্ত্রণহীন প্রভাব ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সার্বভৌমত্ব ও কৌশলগত স্বায়ত্তশাসনকে চ্যালেঞ্জ করতে পারে। এই প্রভাবের (চীনের) কারণে এই অঞ্চলে অস্থিতিশীলতা বৃদ্ধির পাশাপাশি সম্মিলিতভাবে আমরা যে সমৃদ্ধি অর্জন করতে চাই, তা বাধাগ্রস্ত হতে পারে।’