ট্রাকচালকের মরদেহ ফেরতের দাবিতে অচল বেনাপোল বন্দর

বাংলাদেশি ট্রাকচালকের মরদেহ ফেরতের দাবিতে আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছেন বেনাপোল ট্রাক, লরি ও মোটর শ্রমিক সংগঠনের নেতারা।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রেখেছেন তারা।

শ্রমিক নেতারা বলছেন, মৃত ট্রাক চালকের মরদেহ ফেরত না দেওয়া পর্যন্ত কোনো আমদানি-রপ্তানি হবে না।

ভারতের পেট্রাপোল বন্দর সূত্রে জানা যায়, গতকাল বুধবার বাংলাদেশি ট্রাকচালক নাজমুস শাহাদাত বাবুল ফরিদপুরের গোল্ডেন জুট মিলের পাটজাতীয় পণ্য নিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে যান। তার ট্রাকে থাকা মালামাল খালি না হওয়ায় রাতে সে পেট্রাপোল বন্দরে অবস্থান করছিলেন। হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাতে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত এবং আইনি প্রক্রিয়া সম্পন্নের পর লাশ হস্তান্তর করা হবে।

বেনাপোল ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহিন হোসেন জানান, মরদেহটি ফেরত চেয়ে পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষকে অনেকবার অনুরোধ করা হলেও ফেরত দেওয়া হচ্ছে না।

এদিকে বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বিষয়টি নিয়ে আমাদের কাছে এসেছিলেন। এখানকার শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ স্পষ্ট করে তাদের জানিয়ে দিয়েছেন যে, মরদেহ ফেরত না দেওয়া পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিম বাংলাদেশি ট্রাক চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, যথাযথ প্রক্রিয়ায় ময়নাতদন্ত সম্পন্ন এবং আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ ভারতের বন্দর কর্তৃপক্ষ হস্তান্তর করবে বলে জানিয়েছেন।