মালদ্বীপ থেকে অবৈধভাবে ৬৪ বোতল মদ দেশে আনার ঘটনায় বড় শাস্তি পেতে হচ্ছে পাঁচ ফুটবলারকে। তাদের ক্লাব বসুন্ধরা কিংস পাঁচজনকে আর্থিক জরিমানা ছাড়াও বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করেছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্লাবটি গোলকিপার আনিসুর রহমান জিকোকে আগামী বছর ৩১ মার্চ পর্যন্ত নিষিদ্ধ করেছে। সেন্টার ব্যাক তপু বর্মণকে চলতি বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত নিষিদ্ধ ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। দলের প্রথম অধিনায়ক ও ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ আসন্ন ২০২৩-২৪ মৌসুম পুরোটাই নিষিদ্ধ থাকবেন। এ ছাড়া লেফটব্যাক রিমন হোসেনকে তিন লাখ টাকা ও ফরোয়ার্ড শেখ মোরসালিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মালদ্বীপে মাজিয়ার বিপক্ষে এএফসি কাপের ম্যাচ খেলে দেশে ফেরার সময় এই ফুটবলাররা এই কীর্তি ঘটাতে গিয়ে ধরা পড়েন। কিংস তাৎক্ষণিকভাবে তাদের সাময়িক বরখাস্ত করে ও এক সদস্যের তদন্ত কমিটি গঠন করে। পুলিশের সাবেক এক কর্মকর্তাকে নিয়ে গঠিত কমিটি অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ এবং অনুসন্ধানের ভিত্তিতে তদন্ত প্রতিবেদন জমা দেন ক্লাব সভাপতি ইমরুল হাসানের কাছে। কিংসের এই সিদ্ধান্তের পর দেখার বিষয় এই ফুটবলারদের ব্যাপারে বাফুফে কী সিদ্ধান্ত নেয়। তারা অবশ্য ক্লাবের পথ অনুসরণ করে এই ফুটবলারদের জাতীয় দল থেকে বাদ দিয়েছে।