তের বছর আগে কাশ্মীর নিয়ে ‘উসকানিমূলক’ বক্তব্য দেওয়ার অভিযোগে বুকারবিজয়ী ভারতীয় সাহিত্যিক অরুন্ধতী রায় ও কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ শওকত হোসেনের বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি দিয়েছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা। দোষী সাব্যস্ত হলে এ মামলায় অরুন্ধতী রায়ের সাত বছরের কারাদণ্ড হতে পারে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
দেশটির সংবাদমাধ্যমগুলো জানায়, ভারতীয় দণ্ডবিধির তিনটি ধারায় অরুন্ধতী রায় ও শেখ শওকত হোসেনের বিরুদ্ধে মামলা পরিচালনা করার অনুমতি দেওয়া হয়েছে। ২০১০ সালে দায়ের করা ওই মামলায় ধর্ম, জাতি, জন্মস্থান, বাসস্থান, ভাষা ইত্যাদির ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ছড়ানো, সম্প্রীতির জন্য ক্ষতিকর কাজ করা, জাতীয় ঐক্যের জন্য ক্ষতিকর বক্তব্য দেওয়ার অভিযোগ করা হয়েছে।
সুশীল পণ্ডিত নামের এক নাগরিক অধিকারকর্মী এবং কাশ্মীরি পণ্ডিতদের সংগঠন ‘রুটস ইন কাশ্মীর’ দিল্লির ম্যাজিস্ট্রেট কোর্টে এ মামলা দায়ের করেন। ‘কাশ্মীর ভারতের অংশ নয়’ এমন মন্তব্যও অরুন্ধতী করেন বলে অভিযোগ করা হয় মামলায়।