এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ৬ দশমিক ৩ মাত্রার সর্বশেষ ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল হেরাত নগরীর কাছে মাটির চার মাইল গভীরে। এখন পর্যন্ত শনিবারের ওই ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিবিসি বলছে, মাত্র কয়েক দিন আগেই দেশটিতে বড় ধরনের দুটি ভূমিকম্প আঘাত হানে। এতে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। আগের শক্তিশালী দুটি ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানল দেশটিতে। এর আগে গত শনিবার হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার দূরবর্তী জিন্দাজান শহরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় বেলা ১১টার দিকে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এরপর আরও চারটি আফটারশক আঘাত হানে এলাকাটিতে। রিখটার স্কেলে সেগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭, ৬ দশমিক ৩ ও ৫ দশমিক ৯। এর আগে গত জুনে দেশটির পাকতিকা প্রদেশে ৫ দশমিক ৯ মাত্রার এক ভূমিকম্পে প্রাণ হারান এক হাজারের বেশি মানুষ।
এ ছাড়া গত বুধবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলেও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।