প্রায় চার বছর পর স্বীকৃত ক্রিকেটে ব্যাট হাতে নামেন আশুতোষ শর্মা। তবে মাঠে নেমেই ভাঙলেন যুবরাজ সিংয়ের রেকর্ড।
সৈয়দ মুশতাক আলি ট্রফিতে গ্রুপ সি এর ম্যাচে প্রতিপক্ষের বোলারদের ওপরে ছড়ি ঘুরিয়ে আশুতোষ ১১ বলে ফিফটি করে নাম লেখালেন রেকর্ড বইয়ে। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ড এখন আশুতোষের।
তিনি ভেঙে দিয়েছেন যুবরাজ সিংয়ের দেড় দশকের বেশি সময়ের রেকর্ড। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে ফিফটি করেছিলেন যুবরাজ।
মঙ্গলবার রাচিতে রেলওয়ের হয়ে অরুণাচল প্রদেশের বিপক্ষে ১২ বলে ৫৩ রানের ইনিংস খেলেন ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান। তার ইনিংসে ৮টি ছক্কার সঙ্গে চার একটি। স্ট্রাইক রেট ৪৪১.৬৬! শেষ ৫ ওভারে ১১৫ রান নিয়ে ২০ ওভারে ৫ উইকেটে ২৪৬ রান করে রেলওয়ে। পরে প্রতিপক্ষকে ১১৯ রানে থামিয়ে তুলে নেয় বড় জয়।
এই ম্যাচের আগে আশুতোষ সবশেষ স্বীকৃত ক্রিকেটে ব্যাট হাতে নেমেছিলেন ২০১৯ সালের নভেম্বরে।
টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বলে ফিফটির রেকর্ডটি এখন নেপালের দিপেন্দ্রা সিং আইরির। এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে তিনি ফিফটি করেন ৯ বলে। তাই টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ডে দুইয়ে আশুতোষ।