গাজা সংঘাত নিয়ে নিরাপত্তা পরিষদে রুশ প্রস্তাব বাতিল

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা সহিংসতার নিন্দা জানিয়ে রাশিয়ার পক্ষ থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। তবে ভোটাভুটিতে ওই প্রস্তাব পাস হয়নি।

গত সোমবার নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে রাশিয়ার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে চারটি দেশ। অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ চার দেশ প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছে। ভোটদানে বিরত ছিল আরও ছয় দেশ।

জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, আমরা ব্যর্থতার মুখোমুখি হয়েছি। তবে এ প্রস্তাব নিরাপত্তা পরিষদকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করেছে। যুক্তরাজ্য রুশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। জাতিসংঘে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড বলেন, রাশিয়ার উত্থাপিত প্রস্তাবে সব পক্ষের পরামর্শ নেওয়া হয়নি। হামাসের সন্ত্রাসী হামলার নিন্দা জানাতে ব্যর্থ, এমন একটি প্রস্তাব আমরা সমর্থন করতে পারি না।