ইউরোপে বাড়ছে ইসলামপন্থি সন্ত্রাস : মাখোঁ

ইউরোপে ইসলামপন্থি সন্ত্রাসের ঝুঁকি বেড়েছে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। গত মঙ্গলবার আলবেনিয়ার রাজধানী তিরানায় সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে বলছে, এক দিন আগে ব্রাসেলসে দুই ফুটবল সমর্থককে হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতেই এমন মন্তব্য করেন ফরাসি প্রেসিডেন্ট।

সংবাদমাধ্যমটি বলছে, আলবেনিয়া সফরে দেশটির প্রধানমন্ত্রী এডি রামার সঙ্গে বৈঠক করেন মাখোঁ। বৈঠকের পর সংবাদ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট বলেন, আমরা ব্রাসেলসে কাল আবার দেখলাম। ইউরোপীয় দেশগুলো ঝুঁকিতে আছে, আর বোঝাই যাচ্ছে ইসলামপন্থি সন্ত্রাস আবারও বেড়েছে।

অনলাইনে নিজেকে ইসলামিক স্টেটের সদস্য দাবি করা ৪৫ বছর বয়সী এক ব্যক্তি গত সোমবার দুই সুইডিশ ফুটবল সমর্থককে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে হত্যা করেন। আগের সপ্তাহে প্যারিসের উত্তরাঞ্চলের আরাস এলাকায় ২০ বছর বয়সী এক তরুণ একজন স্কুল শিক্ষকসহ চারজনকে ছুরিকাঘাত করে। ওই শিক্ষক মারা যান। ওই তরুণও নিজেকে ইসলামিক স্টেটের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করে।