খাতভিত্তিক গবেষণা ও উদ্ভাবনের মধ্যমে দেশের বেসরকারি খাতকে আরও সমৃদ্ধ করতে যৌথভাবে কাজ করবে এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার (এফআইআরসি), গ্লোবাল অন্ট্রাপ্রেনরশিপ নেটওয়ার্ক বাংলাদেশ (জিইএন বাংলাদেশ) এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডব্লিউইউএসটি)। গতকাল শনিবার রাজধানীর হাটখোলায় এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে (এফআইআরসি) এ বিষয়ে আলাদা দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।
এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন। এছাড়া গ্লোবাল অন্ট্রাপ্রেনরশিপ নেটওয়ার্ক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সবুর খান এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।
সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে এফআইআরসি চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, বৈশ্বিক মেরুকরণের ফলে বাংলাদেশ ক্রমেই অন্যতম আকর্ষণীয় বাণিজ্য কেন্দ্র হয়ে উঠছে। এই সুযোগকে কাজে লাগাতে হলে আমাদের শিল্পের চাহিদা অনুযায়ী লোকবল গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে শিল্পের সমন্বয় ঘটাতে হবে। আমার বিশ্বাস এক্ষেত্রে এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে শিল্পের বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দক্ষ উদ্যোক্তা এবং মানবসম্পদ তৈরির জন্য এফআইআরসিকে একটি স্বয়ংসম্পূর্ণ ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন মো. জসিম উদ্দিন। এতে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর পরিচালক নিয়াজ আলী চিশতী, সাবেক পরিচালক আক্কাস মাহমুদ, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাশরুর রিয়াজ, এফআইআরসি’র সিইও বিকর্ণ কুমার ঘোষ প্রমুখ।