গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় তপন কুমার মন্ডল (৩৮) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
আজ রবিবার (২২ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ আলাউদ্দিন। তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার পরানপুর গ্রামে। বাবার নাম গৌর দাস মন্ডল।
তিনি জানান, সন্ধ্যায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর তাকে আইসিইউতে রাখা হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে।
তার স্ত্রী ডা. শর্মীষ্ঠা ঘোষাল রাজধানীর "সরকারি কর্মচারী হাসপাতালে" কর্মরত। তিনিসহ স্বজন ও সহকর্মীরা জানান, এক মেয়ের জনক ডা. তপন কুমার। থাকেন মিরপুরে। দুপুরে গোপালগঞ্জ থেকে প্রাইভেটকার নিয়ে ঢাকায় ফিরছিলেন তিনি। পথে কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন।
এদিকে গোপালগঞ্জের কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ আলম জানান, কাশিয়ানী গেরাখোলা এলাকায় একটি প্রাইভেট কার দুর্ঘটনা কবলিত হয়। এতে একজন আহত হয়েছেন বলে সংবাদ পাওয়া গেছে। বিস্তারিত জানার জন্য থানা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশ কাজ করছে।