বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করে ‘মিনি সুইজারল্যান্ড’ গড়ে তুলতে সুইজারল্যান্ডের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জমি দেব। তারা (উদ্যোক্তারা) বাংলাদেশে একটি মিনি সুইজারল্যান্ড তৈরি করতে পারে।’ গতকাল সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশটির রাষ্ট্রদূত রেটো সিগফ্রাইড রেংগলি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। বৈঠক শেষে তার প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।
ইহসানুল করিম জানান, সুইস কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন সুইস রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত বলেছেন, ‘তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারে কাজ করে যাবেন। তার সরকার একটি ব্যাপকভিত্তিক অংশীদারত্ব গড়ে তুলতে চায়।’
প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, সুইস রাষ্ট্রদূত গত এক দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেছেন। বলেছেন, ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে তার দেশ একসঙ্গে কাজ করবে।’
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের গ্রামীণ জনগণের উন্নয়নই তার সরকারের মূল লক্ষ্য। তবে উন্নয়নের মেরুদণ্ড মধ্যবিত্ত শ্রেণি। সরকার চরম দারিদ্র্যের হার শূন্য করতে না পারলে অন্তত ১ শতাংশে নামিয়ে আনতে অনেক কর্মসূচি নিচ্ছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সুইজারল্যান্ড সফরের স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর লন্ডনে অস্ত্রোপচারের পর সুইস সরকারের আমন্ত্রণে সে দেশে যান। তখন তার সঙ্গে ছিলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বাংলাদেশকে প্রাচ্যের সুইজারল্যান্ড’ হিসেবে গড়ে তোলার স্বপ্ন ছিল।”