গোল উপভোগ করছেন রোনালদো

কিছুদিন আগে ক্রিশ্চিয়ানো রোনালদো জানিয়েছিলেন, তাকে দেওয়া হাজার গোলের চ্যালেঞ্জের কথা। তখন বলেছিলেন, আগে ৯০০ পূরণ করতে চান। সেই পথে ভালোভাবেই এগোচ্ছেন রোনালদো। এএসসি চ্যাম্পিয়নস লিগে আল নাসরের ৪-৩ গোলে আল দুহালিকে হারানোর ম্যাচে জোড়া গোল করেছেন তিনি। ৪৩ গোল নিয়ে ২০২৩ সালের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। আল নাসরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯ ম্যাচে করেছেন ২০ গোল। এক বছরে গোলের হিসাবে ইউরোপে খেলা খেলোয়াড়দের চেয়ে অনেকটা এগিয়ে আছেন রোনালদো। আর্লিং হালান্ড ও মাউরো ইকার্দির গোল ৩৪টি করে।

এমন সাফল্যের পেছনে কঠোর পরিশ্রমের কথা উল্লেখ করেন তিনি, ‘আমি খুশি যে গোল করছি এবং ভালো পারফরম্যান্স করছি। তবে ক্রিশ্চিয়ানো সবার থেকে আলাদা। আমি কঠোর পরিশ্রম করি, যে সাফল্য আসে তাতে আমার সতীর্থ ও টেকনিক্যাল স্টাফদের অবদান আছে। সবচেয়ে বড় কথা, আমি উপভোগ করছি আল নাসর ও পর্তুগালকে সাহায্য করাটা।’