কানাডার নাগরিকদের ভিসা দিতে শুরু করেছে ভারত

দ্বিপক্ষীয় সম্পর্কের চরম অবনতি সত্ত্বেও কানাডার নাগরিকদের জন্য সীমিত পর্যায়ে ভিসা দেওয়া শুরু করেছে ভারত। গতকাল বৃহস্পতিবার থেকে ওই ব্যবস্থা চালু করা হচ্ছে। গতকাল বুধবার সকালে কানাডায় ভারতীয় হাইকমিশন থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী আপাতত ভিসা দেওয়া শুরু হবে চারটি ক্ষেত্রে। ‘এন্ট্রি ভিসা’, ‘বিজনেস ভিসা’, ‘মেডিকেল ভিসা’ ও ‘কনফারেন্স ভিসা’।

খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে ভারতের হাত থাকা নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গুরুতর সন্দেহ প্রকাশ করার পর গত ২১ সেপ্টেম্বর থেকে কানাডার নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেওয়া ভারত বন্ধ রেখেছিল। এক মাস অতিক্রান্ত হওয়ার পর সীমিত আকারে সেই পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। ভারতের এই সিদ্ধান্ত নেওয়ার পর এখন মনে করা হচ্ছে ভারত থেকে যারা বিভিন্ন কারণে কানাডায় যাওয়ার আবেদন করেছেন, তাদের বিষয়গুলোও ত্বরান্বিত হবে।