দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে সৌদি যাচ্ছেন ব্যবসায়ীরা

বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য ও কূটনৈতিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গত পাঁচ দশকে নতুন উচ্চতায় স্থান পেয়েছে, এরই ধারাবাহিকতায় দুদেশের বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রম সম্প্রসারণের কারণে ২০২২ অর্থবছরে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল দুই বিলিয়ন মার্কিন ডলার, যেটি সামনের দিনগুলোতে আরও বৃদ্ধির প্রচুর সম্ভাবনা রয়েছে।

সম্ভাবনাময় এ দ্বিপক্ষীয় ব্যবসায়িক সম্পর্কের আরও উন্নয়নের লক্ষ্যে দেশের অন্যতম বাণিজ্য সংগঠন, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তারের নেতৃত্বে বাণিজ্য প্রতিনিধিদলটি সৌদি আরব সফর করবে।

অর্থনৈতিক কূটনীতি, রপ্তানির বাজার বহুমুখীকরণ, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ সম্ভাবনা খুঁজে পেতে ডিসিসিআই সভাপতি সামীর সাত্তারের নেতৃত্বে সফরকারী বেসরকারি খাতের সর্ববৃহৎ এ প্রতিনিধিদলটি আগামী ২৯ অক্টোবর  থেকে ২ নভেম্বর পর্যন্ত সৌদি আরব অবস্থান করবে।

ঢাকা চেম্বার বিশ্বাস করে, এফএমসিজি, ভারী যন্ত্রপাতি, অটোমোবাইল, স্মার্ট ফার্মিং, হালাল পণ্য, ফিনটেক টেকনোলজি, লজিস্টিক, অবকাঠামো প্রভৃতি খাতে দুদেশের বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারণের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য ছয় বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব।  

ডিসিসিআই সভাপতি ব্যারিস্টার সামীর সাত্তারের নেতৃত্বে ৬১ সদস্যবিশিষ্ট এ বাণিজ্য প্রতিনিধিদলে কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, পর্যটন, আবাসন, নির্মাণ, স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন ও শিক্ষা, তথ্যপ্রযুক্তি, লজিস্টিক, টেক্সটাইলসহ উৎপাদনমুখী খাতের দেশের স্বনামধন্য ব্যবসায়ীরা সৌদি আরব সফর করবেন।

এ সফরকালে ঢাকা চেম্বারের বাণিজ্য প্রতিনিধিদলটি রিয়াদ চেম্বার, মক্কা চেম্বার, মদীনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসহ বাণিজ্য সংগঠনগুলোর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনা সভা এবং সেখানকার বেসরকারি খাতের উদ্যোক্তাদের সঙ্গে বিজনেস ম্যাচ মেকিং (বিটুবি) সেশনে অংশগ্রহণ করবে।

সময়োপযোগী এ বাণিজ্য সফর দুদেশের সম্ভাবনাময় ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগের নতুন নতুন দ্বার উন্মোচনের পাশাপাশি আগামীতে দ্বিপক্ষীয় ব্যবসায়িক স্বার্থ সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।