বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমাবেশ এবং এর পাল্টা কর্মসূচি হিসেবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’ কর্মসূচি ঘিরে সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। গতকাল শনিবার সন্ধ্যায় দেশটির পররাষ্ট্র দপ্তরের মধ্য ও দক্ষিণ এশিয়া বিভাগ তাদের এক্স হ্যান্ডলারে (সাবেক টুইটার) এই প্রতিক্রিয়া জানায়। এতে সব পক্ষকে শান্ত এবং সহিংসতা থেকে নিবৃত্ত থাকার আহ্বান জানানো হয়। সহিংসতার ঘটনায় সম্ভাব্য ভিসা বিধি-নিষেধের বিষয়টিও উল্লেখ করা হয়।
এদিকে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিবৃতিতেও গতকালের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানানো হয়েছে। এতে বলা হয়, একজন পুলিশ কর্মকর্তা, একজন রাজনৈতিক কর্মীহত্যা এবং একটি হাসপাতাল পোড়ানোর ঘটনা অগ্রহণযোগ্য। সাংবাদিকসহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতাও তেমনই। যুক্তরাষ্ট্র দূতাবাসের বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা সব পক্ষকে শান্তি ও সংযমের আহ্বান জানাই। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য আমরা সব সহিংস ঘটনার পর্যালোচনা করব।’