স্বাধীনতা কাপ

শেষ আটে আবাহনী

অনেক চেষ্টা করেও রহমতগঞ্জের জালে বল পাঠাতে পারছিল না আবাহনী। তবে শেষ ১৭ মিনিটে দুই গোল করে আবাহনী। 'বি' গ্রুপে টানা দ্বিতীয় জয়ে স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে আকাশি-নীল জার্সিধারিরা। 'বি' গ্রুপে নিজেদের আগের ম্যাচে বাংলাদেশ বিমানবাহিনীকে একই ব্যবধানে হারিয়েছিল ক্রুসিয়ানির দল।

বসুন্ধরা কিংস অ্যারেনাতে শুরু থেকে রক্ষণ জমাট রেখে খেলতে থাকা রহমতগঞ্জকে তেমন পরীক্ষায় ফেলতে পারছিল না আবাহনী। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। দ্বিতীয়ার্ধেও রহমতগঞ্জ আগের মতোই রক্ষণে আবাহনীকে আটকে রেখে খেলতে থাকে।

৬৬ মিনিটে সতীর্থের লম্বা ক্রসের নাগাল স্টুয়ার্ট কর্নেলিয়াস পেলে বিপদ হতে পারতো রহমতগঞ্জের। গোলকিপার মোহাম্মদ নাঈম পোস্ট ছেড়ে বেরিয়ে এসে আক্রমণ ভেস্তে দেন। ৭৩ মিনিটে স্পট কিক থেকে ম্যাচে আবাহনীকে এগিয়ে দেন স্টুয়ার্ট। বক্সে এই ফরোয়ার্ডকেই গোলকিপার নাঈম শেখ ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। ৮৩ মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা স্টুয়ার্টকে আটকাতে বক্স ছেড়ে অনেকটা বেরিয়ে আসেন গোকিপার, তাকে কাটালেও শট না নিয়ে তিনি ক্রস বাড়ান জোনাথন ফার্নান্দেসের উদ্দেশে। ঠাণ্ডা মাথায় বল জালে খুঁজে নেন জোনাথন।

বি গ্রুপের আরেক ম্যাচে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট (লে.) মতিউর রহমান স্টেডিয়ামে দীপক রায়ের একমাত্র গোলে বাংলাদেশ বিমান বাহিনীকে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। ৪ পয়েন্ট নিয়ে সেরা আটের আশা বাঁচিয়ে রেখেছে তারা। দুই ম্যাচে এক ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে চার দলের গ্রুপে তৃতীয় স্থানে আছে রহমতগঞ্জ।