অনূর্ধ্ব–১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে শেরপুর ও গাজীপুরের মুখোমুখি লড়াই উত্তেজনাকে পৌঁছে দেয় চূড়ান্ত সীমায়। নির্ধারিত সময়ের সমতা ভাঙতে গড়ায় অবিশ্বাস্য দীর্ঘ টাইব্রেকার, যেখানে শেষ পর্যন্ত ৩৫টি শটের নাটকীয়তায় জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট কাটে শেরপুর জেলা দল।
গাজীপুরের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে শেরপুর। ম্যাচের অষ্টম মিনিটেই ইমরান আলীর গোলে এগিয়ে যায় দলটি। তবে গাজীপুর দমে যায়নি। দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে পেনাল্টি থেকে সিয়াম গোল করলে ম্যাচে ফেরে সমতা। নির্ধারিত সময় শেষে ১–১ থাকায় ফল নির্ধারণের জন্য টাইব্রেকারে গড়ায় ম্যাচ।
টাইব্রেকারে দুই দলই প্রথম পাঁচটি শট সফলভাবে নিলেও নিষ্পত্তি হয়নি ম্যাচের। এরপর সাডেন ডেথে শুরু হয় একের পর এক শ্বাসরুদ্ধকর মুহূর্ত। দীর্ঘ লড়াই শেষে ১৮–১৭ ব্যবধানে জয় নিশ্চিত করে শেরপুর।
এর আগে জামালপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে স্বাগতিক জামালপুর ও কিশোরগঞ্জের লড়াইও ছিল সমানতালে। দুই দলই একাধিক আক্রমণ গড়লেও গোলের দেখা পায়নি কেউ। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪–৩ ব্যবধানে জয় পায় জামালপুর। ম্যাচজুড়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ম্যাচসেরা নির্বাচিত হন জামালপুরের মোহাম্মদ সালাউদ্দিন আরমান।
আগামী রবিবার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে শেরপুর ও জামালপুর।