বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম বলেছেন, ‘১০ লাখ টাকা নয় সাংবাদিক ও পত্রিকা ভুল করলে ৫ লাখ টাকা জরিমানা করে আইন পাস করবে প্রেস কাউন্সিল। এ আইনটি খুব দ্রুততম সময়ের মধ্যে সংসদে তোলা হবে।’ গতকাল মঙ্গলবার লালমনিরহাটের সার্কিট হাউজে সাংবাদিকদের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের তালিকা তৈরিতে পত্রিকাগুলো সহযোগিতা করছে না। আমরা চাই সব সাংবাদিকের একটি তালিকা করতে। যাতে হলুদ সাংবাদিকতা আর না থাকে। আমরা প্রেস কাউন্সিল থেকে সাংবাদিকদের পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। ধীরে-ধীরে তালিকা করে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।’
কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশত সাংবাদিক অংশ নেন। পরে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা হয়।