চট্টগ্রামে যুবলীগের লাঠি মিছিল, বাসে আগুন বিএনপির

দেশব্যাপী বিএনপি-জামায়াতের ‘অগ্নিসন্ত্রাস, হত্যা, নৈরাজ্য ও অবৈধ হরতাল-অবরোধের’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ।

বুধবার (১ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের মইজ্জ্যারটেক এলাকা থেকে লাঠি মিছিল শুরু হয়। ক্রসিং মোড় এলাকায় গিয়ে মিছিল শেষ হয়। এ সময় যুবলীগের নেতাকর্মীদের হাতে কাঠ-বাঁশের লাঠি দেখা যায়।

এদিকে, বুধবার সকাল থেকেই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দূরপাল্লার হালকা বাস চলাচল করেছে। স্থানীয় ছোট ছোট যানবাহন চলাচল করেছে। তিন দিনের এ অবরোধ নিয়ে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

বুধবার সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় একটি বাসে আগুন দিয়েছে বিএনপিসমর্থিত নেতাকর্মীরা।

অপরদিকে, বিএনপির অভিযোগ নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে পুলিশ। নেতাকর্মীরা গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছে। 

পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম বলেন, তিন দিনে বিএনপির ২৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অহেতুক হয়রানি করতে পুলিশ দিয়ে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালাচ্ছে সরকার। বিএনপি নেতাকর্মীরা রাজপথে শান্তিপূর্ণ অবরোধে কাজ করছে। 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, মানুষের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ শক্তি দিয়ে মাঠে কাজ করছে পুলিশ। অহেতুক কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না, হয়রানিও করা হচ্ছে না। গ্রেপ্তারকৃত সবার নামে কোনো না কোনো মামলা আছে। পুলিশ নিয়মিত কাজের অংশ হিসেবে গ্রেপ্তার অভিযান পরিচালনা করছে।