ফরিদপুরে জেলা বিএনপির সদস্য সচিবসহ গুলিবিদ্ধ ২

ফরিদপুরে অবরোধের সমর্থনে বিএনপির মিছিলে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন।  

ফরিদপুর-ঢাকা মহাসড়কের বাহিরদিয়া ব্রিজের নিকট আজ বুধবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিএনপির পক্ষ থেকে হামলার সাথে সরকার দলীয় কর্মীরা জড়িত বলে অভিযোগ করা হয়েছে। গ্রেপ্তার এড়াতে আহতরা গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন।

জানা গেছে, বিএনপির দেশব্যাপী অবরোধের সমর্থনে বুধবার বেলা ১২ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কোমরপুরে বাহিরদিয়া ব্রিজের নিকট মিছিল বের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শুরুর পরপরই ধুলদীর দিক হতে ৩০ থেকে ৪০টি মোটরসাইকেলে করে একদল যুবক এবং ফরিদপুরের দিক হতে ১৫ থেকে ২০ জন যুবক হামলা চালায়। 

এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় শর্টগানের গুলিতে জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম গুলিবিদ্ধ হন। এছাড়া জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহরিয়ার শিথিল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শামীম খান কায়েস ও অনিক খান জিতু, প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম স্মরণ, জাহিদুল ইসলামসহ আরও কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে তাদের দুটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায় বলে বিএনপির নেতাকর্মীরা জানান। 

এ ব্যাপারে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ জলিল বলেন, কোমরপুরের বাহিরদিয়া ব্রিজের নিকট কোনো পিকেটিং বা গুলির বিষয়ে আমার জানা নেই। তবে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভের জন্য জড়ো হয়েছিল। বিষয়টি আমরা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেই।