বৃষ্টি গুঁড়িয়ে দিতে পারে পাকিস্তানের সেমির স্বপ্ন

বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সম্ভাবনা এখনও টিকে আছে পাকিস্তানের। পরের দুই ম্যাচ জিততেই হবে তাদের। সঙ্গে পক্ষে আসতে অন্য দলগুলোর ম্যাচের ফলও। কঠিন এই পরিস্থিতিতে বাবর আজমদের ঘিরে ধরেছে অন্য আরেকটি আশঙ্কা।

আগামী শনিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। আদৌ এই ম্যাচ হবে কিনা, জেগেছে শঙ্কা। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সেদিন বেঙ্গালুরুতে নামতে পারে বৃষ্টি। প্রকৃতির বাগড়ায় খেলা না হলে বা পয়েন্ট ভাগাভাগি হওয়ার মানে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার স্বপ্ন প্রায় ধূলিস্যাৎ হয়ে যাওয়া।

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিও নিউজ’ আবহাওয়ার এই পূর্বাভাস জানিয়ে বলেছে, শনিবার বেঙ্গালুরুতে বিকেলের দিকে বৃষ্টিপাতের শঙ্কা ৭০ থেকে ৮০ শতাংশ। বাংলাদেশ সময় শনিবার সকাল ১১টায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।

সেমিফাইনালে খেলার আশা টিকিয়ে রাখতে নিউজিল্যান্ডের সঙ্গে বড় ব্যবধানে জিততে হবে পাকিস্তানকে। ৮৪ রানের ব্যবধানে জিতলে পয়েন্ট টেবিলে নিউজিল্যান্ডের ওপরে উঠতে পারবে তারা। পরে ব্যাটিং করলে নিউজিল্যান্ডের বেঁধে দেওয়া যেকোনো লক্ষ্যমাত্রাই পাকিস্তানকে তাড়া করতে হবে ৩৫ ওভারের মধ্যে।

বৃষ্টি হলে তো নিজেদের ভাগ্য পরীক্ষারই সুযোগ পাবে না পাকিস্তান। খেলা না হলে দুই দলকেই এক পয়েন্ট করে দেওয়া হবে। তখন নেট রান রেটের কোনো ব্যাপারই আর আসবে না। গতকাল পুনেতে দক্ষিণ আফ্রিকা ১৯০ রানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। কিউইদের এই হারে পঞ্চম স্থানে থাকা পাকিস্তানের কিছুটা সুবিধা হয়েছে, বলা যায়। তবে দলটিকে এখন নিউজিল্যান্ডকে তো হারাতে হবেই। প্রার্থনা করতে হবে, কিউইরা যেন শ্রীলঙ্কার সঙ্গেও হারে।