পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে এক নজিরবিহীন আর্থিক জরিমানার মুখে পড়েছেন তরুণ গতিদানব নাসিম শাহ। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়ম নওয়াজকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্যের দায়ে তাকে ২ কোটি পাকিস্তানি রুপি জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির কেন্দ্রীয় চুক্তির একাধিক ধারা লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিতর্কের সূত্রপাত চলতি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে। জ্বালানি সাশ্রয়ের কথা বলে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান দর্শকবিহীন করার ঘোষণা দিয়েছিলেন। তবে গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজিত সেই অনুষ্ঠানে খোদ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়ম নওয়াজসহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতি দেখা যায়।
মুখ্যমন্ত্রী খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, যা পিসিবির সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করা হয়। সেই পোস্টটি নিজের প্রোফাইল থেকে শেয়ার (কোট) করে নাসিম শাহ মন্তব্য করেন, “লর্ডসে তাকে রানীর মতো আচরণ করা হচ্ছে কেন?”
টুইটটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেলে নাসিম তা ডিলিট করে দেন। পরবর্তীতে তিনি দাবি করেন যে তার অ্যাকাউন্টটি ‘হ্যাক’ হয়েছিল। তবে পিসিবি বিষয়টি হালকাভাবে নেয়নি। তিন সদস্যের শৃঙ্খলা কমিটির সামনে শুনানিতে হাজিরা দিতে হয় নাসিমকে। শুনানিতে তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এবং জানান যে তার সোশ্যাল মিডিয়া ম্যানেজার এই পোস্টের জন্য দায়ী। শাস্তি হিসেবে তিনি তার সেই ম্যানেজারকেও বরখাস্ত করেন।
ক্ষমা চাইলেও পিসিবি তাদের সিদ্ধান্তে অনড় থাকে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, রাজনৈতিক কোনো বিষয়ে মন্তব্য করা কেন্দ্রীয় চুক্তির সরাসরি লঙ্ঘন। এর আগে ক্রিকেটার আমের জামালকে ইমরান খানের প্রতি সমর্থন জানিয়ে ‘৮০৪’ লেখা টুপি পরার জন্য ১০ লাখ রুপি জরিমানা করা হয়েছিল। কিন্তু নাসিম শাহর ক্ষেত্রে শাস্তির পরিমাণ আমের জামালের তুলনায় ১৬ গুণেরও বেশি।
