দোকানে চা খাওয়ার সময় দুর্বৃত্তদের বোমায় একজন নিহত

যশোরের অভয়নগরে দোকানে চা খাওয়ার সময় দুর্বৃত্তদের নিক্ষেপ করা বোমায় জিয়া ফকির (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (০৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শুভরাঢ়া ইউনিয়নের রানাগাতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিয়া ওই গ্রামের ওহাব ফকিরের ছেলে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বেলাল হোসাইন বলেন, বাড়ির পাশের একটি দোকানে বোমা হামলার শিকার হন জিয়া। দুর্বৃত্তরা তার দিকে তিনটি বোমা নিক্ষেপ করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এএসপি বেলাল হোসাইন জানান, জিয়ার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তিনি নিজের নামে ‌‌‘জিয়া বাহিনী’ গড়ে তুলেছিলেন। তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর মাস তিনেক আগে তিনি এলাকায় ফিরে আসেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ বলেন, কারা হামলা চালিয়েছে তা এখনই বলা যাচ্ছে না। আমরা খোঁজখবর নিচ্ছি।