গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে সদর থানার পুলিশ। এ সময় অপহরণকারী এবং শিশুটিকে কেনার জন্য অপেক্ষমাণ এক বেদে নারীকে গ্রেপ্তার করা হয়। অপহৃত ওই শিশুর নাম লাবিব (১ বছর)। সে গাজীপুর নগরীর সদর থানাধীন মাঝিরখোলা এলাকার সুজন মিয়ার ছেলে।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার ওসি জিয়াউল ইসলাম। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে সদর থানার ভোড়া (চৌকিদার বাড়ি) এলাকায় অভিযান চালিয়ে শিশু লাবিবকে উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, অপহরণে অভিযুক্ত সুলতানা খাতুন (২৬) এবং বেদে নারী ফারজানা আক্তার (১৯)।
অপহৃত শিশুর মা হামিদা আক্তার জানান, বড় ছেলে হাবিব (৭) হাঁটুতে ব্যথা পাওয়ায় তিনি তাকে সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করান। সেখানে গত ১ নভেম্বর বিকেলে বড় ছেলেকে দেখাশুনা করার সময় বোরকা পরা অজ্ঞাতনামা এক নারী তাকে কৌশলে অচেতন করে তার ছোট ছেলে লাবিবকে অপহরণ করে নিয়ে পালিয়ে যায়।