নিজের গাড়িতে আগুন স্বেচ্ছাসেবক লীগ নেতার!

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিনে স্বেচ্ছাসেবক লীগ নেতার ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। কিন্তু তার কোনো খবর নেননি দলীয় কোনো নেতাকর্মী। এ রাগ ও ক্ষোভে গতকাল শুক্রবার সকালে প্রতিবাদ হিসেবে নিজেই নিজের গাড়িতে আগুন দিলেন ওই নেতা। তার নাম মুঈন দেওয়ান (৩২)। তিনি কালিয়াকৈর পৌর স্বেচ্ছাসেবক লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবং চন্দ্রা মুঈন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক। মুঈন দেওয়ান বলেন, ‘২০০৯ সাল থেকে ছাত্রলীগ করে আসছি। বর্তমানে কালিয়াকৈর পৌর স্বেচ্ছাসেবক লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেব দায়িত্বরত। কিন্তু বিএনপি-জামায়াতের অবরোধের প্রথম দিন আমার ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করা হয়।

অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও আহত হয়েছি। অথচ দলীয় নেতাকর্মীরা আমার কোনো খবর নেননি। এর প্রতিবাদ হিসেবে আমি নিজের গাড়ি পুড়িয়ে দিয়েছি। কারও প্রতি আমার কোনো অভিযোগ নেই।’ এ বিষয়ে কালিয়াকৈর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক স্বপন সরকার বলেন, ‘মুঈন দেওয়ান আমাদের কমিটির কেউ নন। তবে কে কার গাড়ি কী কারণে পুড়িয়েছে এটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। আমাদের বিব্রত করার জন্যই তিনি ওই ঘটনা ঘটিয়েছেন।’ কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান জানান, বিষয়টি শুনেছি।