পাকিস্তানে বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত ৯

পাকিস্তান বিমান বাহিনীর মিয়াঁওয়ালি প্রশিক্ষণ বিমান ঘাঁটিতে সন্ত্রাসী আক্রমণের বিরুদ্ধে পাল্টা অভিযানে নয়জন নিহত হয়েছে। পাঞ্জাব প্রদেশে অবস্থিত এই ঘাঁটিতে গতকাল শনিবার সকালের দিকে এই ঘটনা ঘটে। বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে সম্প্রতি বেশ কয়েকটি সন্ত্রাসী হামলায় ১৭ জন নিহতের পরপরই এই ঘটনা দেখা গেল। এর মধ্যে শুক্রবার গোয়াদরে সন্ত্রাসী হামলায় ১৪ জন নিহত হয়।  

আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবানের কাছাকাছি মতাদর্শের তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) দীর্ঘদিন থেকে পাকিস্তানে সন্ত্রাসী আক্রমণ চালাচ্ছে।

সম্প্রতি টিটিপির সহযোগী হিসেবে আবির্ভূত হওয়া তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি) আক্রমণ চালানো শুরু করেছে। সাম্প্রতিক হামলায় তারা দায়ও স্বীকার করেছে।