মুজিব : একটি জাতির রূপকার চলচ্চিত্রে খন্দকার মোশতাক চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। এই চরিত্রে অভিনয় করে শুভাকাক্সক্ষীদের নানা প্রশ্নের মুখেও পড়েছেন। চলচ্চিত্র, গান ও ব্যক্তিগত জীবন নিয়ে ফজলুর রহমান বাবুর সঙ্গে কথা বলেছেন মাহতাব হোসেন
খন্দকার মোশতাক চরিত্রে অভিনয়ের পর নিশ্চয়ই নানা প্রতিক্রিয়া পাচ্ছেন?
হ্যাঁ। সেটা এখনো থামেনি। অনেকেই বলছে তুমি এই চরিত্রটা করতে গেলে কেন? না করলেও কিন্তু পারতে।
আপনার কি মনে হয় এই চরিত্রে অভিনয় করা ঠিক হয়নি?
না, মোটেও না। আমি একজন অভিনয়শিল্পী। আমি সব চরিত্রে অভিনয় করতে পারছি। এটাও তো ইতিহাসের অংশ। খন্দকার মোশতাক আহমদকে মানুষের কাছে তুলে ধরার সুযোগ পেয়েছি, সেটা আমি করেছি। আমার সিদ্ধান্তকে বেঠিক মনে হয়নি।
এই সিনেমা করতে গিয়ে শ্যাম বেনেগালকে কাছ থেকে দেখেছেন, তার কাজের ধরন নিয়ে যদি বলতেন
বলতে গেলে শ্যাম বেনেগালের শেষ জীবনের এটি একটি দুর্দান্ত কাজ। তিনি খুবই প্রস্তুতি নিয়ে কাজ করেন। সময় মেনে চলেন। আমি শ্যাম বেনেগালকে দেখে নতুনভাবে উপলব্ধি করেছি, একটা ভালো কাজ কীভাবে সম্পন্ন হতে পারে।
অভিনয় ও গান-পেশাদার জীবনের বাইরের সময়ের গল্পটা কেমন? আপনার এই সময়টা কীভাবে ব্যয় করেন?
কাজ না থাকলে আমি বাসায় থাকি। ছেলেমেয়েদের নিয়ে বাইরে বেড়াতে যাই, রেস্তোরাঁয় খাই। এ ছাড়া বাসায় থাকলে আমি পড়ি, সিনেমা দেখি, গান শুনি।
কাদের লেখা আপনার পড়া হয়?
বাংলাদেশের লেখকদের কথা যদি বলেন, আমি শহীদুল জহির, শাহাদুজ্জামান, আখতারুজ্জামান ইলিয়াসের বই পড়ি। বিদেশি সাহিত্যের কথা যদি বলেন, আমি একসময় প্রচুর রুশ সাহিত্য পড়েছি। তোপখানা রোডের ফুটপাত থেকে খুব অল্প পয়সায় বই কিনতাম। গোর্কি, তলস্তয় আমার প্রিয় লেখক ছিলেন। লাতিন সাহিত্য পড়ি, মার্কেজ আমার পছন্দের লেখক। আর পশ্চিমবঙ্গের সাহিত্যকে তো আমার বিদেশি মনে হয় না, নিজেদেরই মনে করি।
এই মুহূর্তে কী পড়ছেন?
এই মুহূর্তে স্ক্রিপ্ট পড়ছি। স্ক্রিপ্ট না পড়ে তো অভিনয় করতে পারি না। স্ক্রিপ্ট প্রচুর পড়ি, কাজ করা হয় অল্প এভাবে অনেকটা সময় নষ্ট হয়ে যায় স্ক্রিপ্ট পড়ে।
বললেন গান শোনেন। আপনি নিজেও একজন গায়ক। কার গান শুনে আপনার গায়ক হতে ইচ্ছা করেছে?
আসলে গায়ক হবো কখনো চিন্তা করিনি। মাহমুদুন্নবী, আব্দুল জব্বার, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, জটিলেশ্বর মুখোপাধ্যায়, কৃষ্ণা দাশগুপ্ত, আরতি মুখোপাধ্যায়, ফাল্গুনি মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান শুনেছি।
আজ এ পর্যন্তই, ভালো থাকুন।
আপনিও ভালো থাকুন...