জনপ্রিয় কমিক চরিত্র ‘টিনটিন’। শিশু, কিশোর আর প্রাপ্ত বয়স্ক অনেক ভক্ত রয়েছে চরিত্রটির। তাদের জন্য অনেক সুখবর হলো অ্যানিমেটেড চলচ্চিত্র ‘দ্য অ্যাডভেঞ্চারস অব টিনটিন’এর সিক্যুয়েল আসছে। বিখ্যাত নির্মাতা স্টিভেন স্পিলবার্গ ও সহ নির্মাতা পিটার জ্যাকসন এই প্রকল্প নিয়ে আবারও কাজ শুরু করেছেন।
সম্প্তি চলমান কান চলচ্চিত্র উৎসবে পিটার জ্যাকসন এমনটাই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, সিনেমাটির দ্বিতীয় কিস্তির জন্য ইতোমধ্যে চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়েছে। এটি তাদের পূর্বের পরিকল্পনার ধারাবাহিক প্রকল্প বলেও তিনি উল্লেখ করেন।
মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক জনপ্রিয় বিনোদন ও চলচ্চিত্র বিষয়ক ওয়েবসাইট ‘দ্য মুভি ব্লগ’এ খবর প্রকাশ করে।
‘টিনটিন’ মূলত বেলজিয়ান কার্টুনিস্ট হার্জের সৃষ্টি একটি জনপ্রিয় কমিক অ্যাডভেঞ্চার সিরিজ, যা অবলম্বনে ২০১১ সালে মুক্তি পায় প্রথম চলচ্চিত্রটি। মোশন-ক্যাপচার প্রযুক্তির মাধ্যমে নির্মিত সেই সিনেমাটি কমিকের জগতকে বড় পর্দায় নতুনভাবে উপস্থাপন করে ব্যাপক সাড়া ফেলেছিল।
পিটার জ্যাকসন আরও জানান, সিক্যুয়েলটি তার এবং স্টিভেন স্পিলবার্গের পূর্ববর্তী চুক্তির অংশ হিসেবে এগিয়ে চলছে। কাস্টিং এখনও চূড়ান্ত না হলেও প্রথম ছবির অভিনেতা জেমি বেল ও অ্যান্ডি সার্কিস যথাক্রমে টিনটিন ও ক্যাপ্টেন হ্যাডক চরিত্রে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে
