সড়ক দুর্ঘটনায় চালক নিহত, পৌর মেয়রসহ আহত ৪

নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরার গাড়ি দুর্ঘটনায় ড্রাইভার সুজন কর্মকার নিহত এবং মেয়রসহ ৪জন আহত হয়েছেন। আজ রবিবার দুপুরে নড়াইল পৌর এলাকার ভওয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ড্রাইভার সুজন (৩৮) শহরের মহিষখোলা এলাকার নিরাপদ কর্মকারের ছেলে। আহতরা হলেন পৌর মেয়র আঞ্জুমান আরা (৬০), মহিলা কাউন্সিলর ইপি রাণী বিশ্বাস (৪৫), পৌরসভার অ্যাকাউন্টেন্ট সাইফুজ্জামান লিন্টু (৫০) ও যুবলীগ নেতা মেশকাতুল ওয়ায়েজিন লিটু (৪৮)। 

আহত ইপি রানী জানান, রবিবার দুপুর দেড়টার দিকে আঞ্জুমান আরা গাড়িতে ৫ নম্বর ওয়ার্ডের বাহিরডাঙ্গায় সুইপার কলোনির জায়গা পরিদর্শন করে পৌরসভায় ফিরছিলেন। ভওয়াখালী এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির দেয়ালে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। 

এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেয়রের ড্রাইভার সুজনকে মৃত ঘোষণা করেন। অন্যান্য আহতদের সদর হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হয়।

নড়াইল সদর হাসপাতালের সহকারী পরিচালক মুন্সী আসাদ উজ-জামান টনি বলেন,  পৌর মেয়রের গাড়ি দুর্ঘটনায় ড্রাইভার সুজন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে তাকে মৃত অবস্থায় আনা হয়।