বাংলা একাডেমি প্রবর্তিত পুরস্কার পাচ্ছেন সাতজন

নির্মলেন্দু গুণ এবং রামেন্দু মজুমদারসহ সাতজন বাংলা একাডেমি পরিচালিত সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। গতকাল রবিবার একাডেমি ২০২৩ সালের এই সাহিত্য পুরস্কারের জন্য তাদের নাম ঘোষণা করে। একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৫ নভেম্বর একাডেমির সাধারণ পরিষদের ৪৬তম বার্ষিক সভায় মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

মযহারুল ইসলাম কবিতা পুরস্কার-২০২৩ পাচ্ছেন কবি নির্মলেন্দু গুণ, অধ্যাপক মমতাজউদ্দীন আহমদ নাট্যজন পুরস্কার-২০২৩ পাচ্ছেন রামেন্দু মজুমদার, আবু রুশদ সাহিত্য পুরস্কার-২০২৩ পাচ্ছেন ড. মোহাম্মদ হারুন-উর-রশিদ, মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার-২০১৯ পাচ্ছেন অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ এবং সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার-২০২৩ পাচ্ছেন ড. অনুপম সেন। প্রতিটি পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।

এ ছাড়া সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-২০২৩-এর জন্য মনোনীত হয়েছেন কবি ওমর কায়সার। বোস-আইনস্টাইন কনডেনসেট : বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর অবদান গ্রন্থের জন্য হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার-২০২৩ পাচ্ছেন আবদুল গাফফার। এ দুটি পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকা।