কিশোরগঞ্জের কটিয়াদীতে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাই নজরুল ইসলাম বিপ্লবকে (৪৫) মৃত্যুদন্ড দিয়েছে আদালত। অন্যদিকে চুয়াডাঙ্গায় চাঞ্চল্যকর শিশু আবু হুরায়রা হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড ও দুজনের ১৪ বছর করে সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে নিজ নিজ জেলা ও দায়রা জজ আদালত পৃথক রায় দুটি ঘোষণা করে।
কিশোরগঞ্জে দন্ডপ্রাপ্ত নজরুল ইসলাম বিপ্লব কটিয়াদী উপজেলার চান্দপুর কোনাপাড়া গ্রামের মোহাম্মদ নুরুজ্জামানের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে ২০১৮ সালের ২০ এপ্রিল বিকেলে ছোট ভাই মাসুদ উজ জামানকে (৪০) কুপিয়ে হত্যা করেন নজরুল ইসলাম বিপ্লব। এ ঘটনায় ২২ এপ্রিল নিহতের স্ত্রী নিপা বেগম বাদী হয়ে বিপ্লবকে একমাত্র আসামি করে কটিয়াদী মডেল থানায় একটি হত্যা মামলা করেন। আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল বিপ্লবকে মৃত্যুদন্ডের রায় দেয়।
এদিকে চুয়াডাঙ্গায় তৃতীয় শ্রেণির ছাত্র আবু হুরায়রা হত্যায় মৃত্যুদন্ডপ্রাপ্ত মোহাম্মদ মোমিন (২৩) চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। কারাদন্ডপ্রাপ্তরা হলেন একই গ্রামের পারভেজ আহম্মেদ (২৮) ও আশরাফুজ্জামান রিজন (৩০)।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২২ সালের ১৯ জানুয়ারি প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয় চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের আবদুল বারেকের একমাত্র ছেলে আবু হুরায়রা (১১)। কয়েক দিন খোঁজাখুঁজি করে না পেয়ে শিশুটির বাবা আবদুল বারেক ২৫ জানুয়ারি বাদী হয়ে মোহাম্মদ মোমিনসহ পাঁচজনের নামে সদর থানায় মামলা করেন। মোমিনকে গ্রেপ্তারের পর তার তথ্য অনুযায়ী ১৪ ফেব্রুয়ারি তালতলা কবরস্থান থেকে শিশু আবু হুরায়রার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।