‘জনগণ নির্বাচনে অংশ নেওয়ার অপেক্ষায়’

বিএনপি-জামায়াত জোটের ‘অযৌক্তিক আন্দোলন’ জনগণ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও বগুড়া-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ম. আবদুর রাজ্জাক। তিনি বলেন, ‘হরতাল অবরোধের নামে তারা রাজপথে জ্বালাও পোড়াও ভাঙচুর ও মানুষ হত্যা শুরু করেছে। অগ্নিসন্ত্রাসের পথে নেমে জনমনে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে।’ গতকাল মঙ্গলবার বিকেলে বগুড়ার সারিয়াকান্দিতে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এই নেতা।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সাংবাদিকরা হামলার শিকার হয়েছেন উল্লেখ করে আবদুর রাজ্জাক বলেন, ‘বিএনপির ধ্বংসাত্মক কর্মকাণ্ডে দেশে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ কারণে দেশপ্রেমিক জনতা তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাদের অপকর্মের জবাব দেশের মানুষ ব্যালটের মাধ্যমে প্রদান করবে। দেশের মানুষ এখন নির্বাচনী ট্রেনে উঠেছেন, তারা সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রাজনীতির সঙ্গে রয়েছেন। দেশবাসী এখন উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার অপেক্ষায় রয়েছেন। যথা সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে দেশের মানুষ আবারও নৌকায় ভোট দেবেন ইনশাআল্লাহ।’

এর আগে বিকেল ৪টায় সারিয়াকান্দি ডিগ্রি কলেজ মাঠ থেকে শুরু হওয়া স্মরণকালের বিশাল শোভাযাত্রায় হাজার হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি সারিয়াকান্দি পৌর এলাকার সড়কগুলো প্রদক্ষিণ করে।

শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখেন সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম মন্টু, পৌর মেয়র মতিউর রহমান মতি, জেলা পরিষদ সদস্য রশিদ ফারাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব তরফদার, শাহীনুর বেগম, ইউপি চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ, আব্দুল কাফি মণ্ডল, তাজুল ইসলাম বাদশা, রাসেদুউজ্জামান রাসেল, শহিদুল ইসলাম সুজন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, কেন্দ্রীয় সদস্য মেহেদী হাসান রবিন, সাবেক যুব নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সালাম প্রমুখ।