টানা ২১ ঘণ্টা শুটিং, অসুস্থ শাকিব-সোনাল

ভারতের বেনারসে চলছে শাকিব খানের নতুন সিনেমা ‘দরদ’র শুটিং। সেখানে অংশ নিয়ে গত ১২ দিন ধরে কাজ করছেন নায়ক। দিনে একটানা ২১ ঘণ্টারও বেশি সময় শুটিং করছেন তিনি! এরমধ্যেই শুটিংয়ে অসুস্থতা ঝেঁকে বসেছে। জ্বরে আক্রান্ত হয়েছেন শাকিব। শুধু তিনি একাই না, বলিউড নায়িকা সোনাল চৌহানসহ ‘দরদ’ টিমের অনেকেই এখন ভাইরাস জ্বরে আক্রান্ত।

আজ বুধবার সোশ্যালের  এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা অনন্য মামুন। তিনি লিখেন, ‘ইউনিটের ৭০ ভাগ কুশীলবদের ভাইরাস জ্বর। শাকিব ভাই, সোনাল সবার। আমার নিজের ১০২ ডিগ্রি সেলসিয়াস। তাও থেমে নেই আমরা। দরদে ডুবে আছে সবাই।’

এদিকে, অসুস্থতার খবরে উদ্বিগ্ন শাকিবের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। সবাই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। কেউ কেউ আবার তার ভূয়সী প্রশংসাও করেছেন। কারণ আত্মত্যাগ রয়েছে বলেই অসুস্থতার মাঝেও শুটিং করছেন বলে অভিমত নেটিজেনদের।

উল্লেখ্য, ‘দরদ’-এ শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। এতে শাকিব-সোনাল ছাড়াও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, পায়েল সরকার, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, আলোক জৈন, রাহুল দেব প্রমুখ। আগামী বছরের ফেব্রুয়ারিতে চারটি ভাষায় (বাংলা, হিন্দি, তামিল ও মালয়ালম) সিনেমাটি মুক্তির কথা রয়েছে।