'ক্ষুব্ধ' বার্সেলোনা কোচ

শেষ ষোলো নিশ্চিত করতে কেবল এক পয়েন্ট হলেই চলত বার্সেলোনার। এর জন্য শাখতার দোনেৎস্কের বিপক্ষে কেবল ড্র করা যথেষ্ট ছিল তাদের জন্য। কিন্তু সেই কাজটি করতে পারেনি কাতালান ক্লাবটি। হার নিয়ে ছাড়ে মাঠ। দলের এমন পারফরম্যান্সে রাগান্বিত হওয়ার কথা অকপটেই স্বীকার করে নিয়েছেন বার্সেলোনা কোচ জাভি হের্নান্দেস।

জার্মানির হামবুর্গে গতকাল ‘এইচ’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে হারে বার্সেলোনা। চলতি আসরে টানা তিন জয়ের পর তাদের প্রথম হার এটি। শাখতারের বিপক্ষে ২০০৮ সালের ডিসেম্বরের পর প্রথম হার।

এমন হারের পর সংবাদ সম্মেলনে এসে জাভি বলেন, 'আমাদের হার প্রাপ্য ছিল। আমাদের সৎ হতে হবে। আমরা বাজে খেলেছি এবং আমাদের পরিকল্পনার কিছুই বাস্তবায়ন হয়নি। আমাদের পারফরম্যান্সের মাত্রা এই মুহূর্তে খুবই নিচে। আমার দায়িত্বে থাকার দুই বছরের মধ্যে সবচেয়ে বাজে ম্যাচগুলির একটি এটি। আমাদের আত্ম-সমালোচনা করা দরকার।'

তিনি আরও যোগ করেন, 'দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স কিছুটা ভালো ছিল, কিন্তু তা যথেষ্ট ছিল না। এই প্রতিযোগিতায় সেরাটা দিতে হয়, সেই অবস্থায় আমরা ছিলাম না। আমরা ক্ষুব্ধ। আত্মবিশ্বাস কমে গেছে, আমরা কিছুটা বিপর্যয়ের মধ্যে আছি এবং আমাদের নতুন করে শুরু করা দরকার।”

এই ম্যাচের আগে গত শনিবার লা লিগায় রেয়াল সোসিয়েদাদের বিপক্ষেও ধুঁকতে দেখা যায় বার্সেলোনাকে। শেষ মুহূর্তের গোলে কোনোমতে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়তে পারে তারা।

ইউক্রেইন যুদ্ধের কারণে শাখতার তাদের ইউরোপিয়ান প্রতিযোগিতার হোম ম্যাচগুলো খেলছে হামবুর্গে। তাদের বিপক্ষে দলের পারফরম্যান্সকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন শাভি।