কুমিল্লার মেঘনা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) লিটন চন্দ্র দেকে গালিগালাজ ও সার্ভেয়ার এনামুল কবিরকে হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামী লীগের দুই নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (৮ নভেম্বর) সার্ভেয়ার এনামুল কবির বাদী হয়ে মেঘনা থানায় এ মামলা দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সেলিম আহমেদ এবং উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সেলিম মিয়া। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুহাম্মদ দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (৬ নভেম্বর) দুই আসাসির পারস্পরিক যোগসাজশে আকস্মিকভাবে মেঘনা উপজেলা ভূমি অফিসে কক্ষে প্রবেশ করে হুমকি ধামকি দিয়ে নামজারি মামলা নং- ১৩০৭/২২-২৩ বিষয়ে জানতে চায়। তখন বাদী বিবাদীদেরকে জানান, উক্ত মামলাটি সহকারী কমিশনার (ভূমি), মেঘনা, কুমিল্লা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আদালতের রায়ের আলোকে নিষ্পত্তি করেছেন। এ কথা বলার সাথে সাথে বিবাদীরা বাদীকে ও সহকারী কমিশনারকে (ভূমি) মানহানিকর গালিগালাজ শুরু করেন। বাদীকে এলোপাতাড়ি লাথি-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।
এ বিষয়ে মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন বলেন আসামীদের গ্রেপ্তার প্রক্রিয়া চলছে।