গড়ে তোলো সঞ্চয়ের অভ্যাস

আমরা অনেকেই শুনেছি, অর্থই সকল অনর্থের মূল। কথাটি শুনে টাকা-পয়সা সম্পর্কে আমাদের নেতিবাচক ধারণা তৈরি হয়। তবে জীবনে চলার জন্য অর্থের প্রয়োজন অস্বীকার করা যায় না। ছাত্রজীবন থেকেই যদি আমরা একটু একটু করে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলি তা হবে আমাদের জীবনের জন্য সেরা অর্জন।

যেভাবে শুরু করবে

প্রথমে তোমাকে মনস্থির করতে হবে যে, তুমি একটু একটু করে অর্থ সঞ্চয় করবে। সঞ্চয়ের শুরুটা করবে বাবা-মা অর্থাৎ পরিবারের কাছ থেকে পাওয়া হাতখরচের টাকা থেকে। ধরো, ঈদ সালামি, টিফিনের টাকা, যাতায়াত খরচ, মাসিক খরচের টাকা থেকে কিছু টাকা সঞ্চয়ের মাধ্যমে শুরু করতে পারো। জেনে রেখো, ছোট থেকেই বড় কিছুর সৃষ্টি হয়। নিশ্চয়ই পড়েছ, ‘ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল।’

মাটির ব্যাংক

প্রথম অবস্থায় মাটির ব্যাংকে সঞ্চয় করা যেতে পারে। নিজের সংগ্রহে একটি মাটির ব্যাংক রাখো। যখনই হাতে বাড়তি টাকা পাবে, ব্যাংকে জমা রাখবে। ধীরে ধীরে সেই মাটির ব্যাংকটা টাকায় ভরে উঠবে। নির্দিষ্ট সময় পর যখন ব্যাংকটি ভাঙবে, তখন নিজের সঞ্চয় দেখে নিজেই অবাক হয়ে যাবে। এতে তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। সঞ্চয়ের অভ্যাস গড়ে উঠবে। সঞ্চয়ের অভ্যাস তোমাকে মিতব্যয়ী হতে শেখাবে। অপচয়ের থেকে দূরে রাখবে।

লক্ষ্যের দিকে খেয়াল রাখো

ধরো, তোমার কোনো কিছু কিনতে খুব ইচ্ছা করছে। কিন্তু তুমি চাইলেও তা কিনতে পারছ না। বাসায় বলেও কাজ হচ্ছে না। সেই জিনিসটি কেনার লক্ষ্য নিয়ে টাকা সঞ্চয় করো। অনেক দিন টাকা জমানোর পর যখন জিনিসটি কিনতে যাবে তখন সঞ্চয়ের গুরুত্ব এবং অর্থের মূল্য দুই-ই অনুধাবন করতে পারবে। মনে রাখবে, উপার্জন কঠিন খরচ সহজ সঞ্চয় মানে ভবিষ্যতের নিরাপত্তা।

অর্থের যথাযথ ব্যবহার করো

কথায় আছে, টাকায় টাকা বাড়ে। তোমার সঞ্চিত অর্থ কাজে লাগাও। যেমন ধরো, তোমার স্কুল বা কলেজে ফাল্গুন উৎসব, স্বাধীনতা দিবস, পহেলা বৈশাখ, বিজয় দিবস অর্থাৎ বিশেষ দিনগুলোতে বন্ধুবান্ধবরা মিলে স্টল দিতে পারো। বাসার অ্যাকুরিয়ামে রঙিন মাছ, বারান্দায় পাখি পালন করতে পারো। নতুন নতুন আইডিয়া, উদ্যোগ মাথায় আসলে অর্থ কাজে লাগিয়ে তা বাস্তবায়ন করতে পারো।

খুলতে পারো ব্যাংক অ্যাকাউন্ট

শুনলে অবাক হবে, স্কুলপড়ুয়া ৩১ লাখেরও বেশি শিক্ষার্থী স্কুল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা সঞ্চয় করে। এখন প্রতিটি ব্যাংকেই স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলা যায়। চাইলে তুমিও খুলে ফেলতে পারো একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট। হাতের কাছে টাকা থাকলে তা সহজেই খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ব্যাংকে জমা রাখলে তা নিরাপদও থাকবে, হুট করে খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। সঞ্চয় করা সহজ হবে।