কোহলিকে সর্বকালের সেরাদের একজন বললেন ভিভ রিচার্ডস

চলতি বিশ্বকাপে ফর্মের তুঙ্গে রয়েছেন বিরাট কোহলি। রানের স্রোত বইয়ে চলা ভারতীয় তারকার প্রশংসায় পঞ্চমুখ সবাই। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ভিভ রিচার্ডস তো কোহলিকে সর্বকালের সেরাদের কাতারেই রাখছেন।

ওয়ানডেতে শচিন টেন্ডুলকারের সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেছেন তিনি চলতি বিশ্বকাপেই। আসরে এখন পর্যন্ত ৮ ম্যাচে খেলে তার রান ৫৪৩। কোহলির চেয়ে বেশি রান আছে কেবল নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র (৫৬৫) ও দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের (৫৫০)।

কোহলির এই পারফরম্যান্সে মুগ্ধ রিচার্ডস। আইসিসির ওয়েবসাইটে ভারতীয় ব্যাটসম্যানকে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা বলে চিহ্নিত করেছেন ক্যারিবিয়ান গ্রেট।

নিজের কলামে ভিভ রিচার্ডস লিখেছেন, ‘এই বিশ্বকাপে অনেক প্রতিভাবান ক্রিকেটার খেলে চলেছে। কিন্তু এদের মধ্যে সেরাকে বাছাই করতে হলে, বিরাট কোহলির বাইরে আর কোনো নাম ভাবা সম্ভব নয়। আমি বিরাটের বিশাল ভক্ত এবং, সেটা অনেক দিন থেকেই। বিরাট দেখিয়ে দিচ্ছে, কেন ওকে সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানদের তালিকায় রাখতেই হবে। একেবারে সচিন টেন্ডুলকারের মতো ক্রিকেটারদের পাশে।’

ভিভ রিচার্ডস আরও লিখেছেন, ‘বিশ্বকাপের আগে বিরাটকে একটু কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। ওই সময় কিছু সাহসী লোক তো ওকে সরিয়ে দেওয়ার কথাও বলেছিল। যারা ওই সময় বিরাটের পাশে দাঁড়িয়েছিল, তাদেরও কৃতিত্ব দিতে হবে। কত কথা বলা হয়েছিল বিরাটের ফর্ম নিয়ে। এখন ও আবার নিজের সেরাটা তুলে ধরছে বাইশ গজে। কঠিন সময় পার করে আবার স্বমহিমায় নিজেকে তুলে ধরার মধ্যে দিয়েই বিরাট বুঝিয়ে দিয়েছে, ও অসাধারণ এক জন ক্রিকেটার।’

কোহলি কেন বাকিদের থেকে আলাদা সে ব্যাখ্যা দিয়ে ভিভ রিচার্ডস লিখেছেন, ‘ওর মানসিক শক্তির কোনো তুলনা নেই। নিজের প্রতি সব সময় আস্থা রাখে বিরাট। অতীতে আমি ওর সঙ্গে অনেক কথা বলেছি। তখনই ওর মানসিক শক্তির আঁচ পেয়েছিলাম। সেই শক্তিটাই ওকে এই জায়গায় নিয়ে এসেছে। খুব কম লোকই আছে, বিরাটের মতো ধাতুতে তৈরি।’

আসরে প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি ভারত। এই ম্যাচেই টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির রেকর্ড টপকে একাই সিংহাসনে বসতে পারেন কোহলি।