ইংল্যান্ডের ড্রেসিং রুমে তালা মারতে পাকিস্তানকে আকরামের পরামর্শ

বিশ্বকাপের সেমিফাইনালে প্রায় অসম্ভব এক সমীকরণের সামনে দাঁড়িয়ে পাকিস্তান। প্রাথমিক পর্বের শেষ ম্যাচে তো তাদের জিততেই হবে, সঙ্গে ব্যবধানটা হতে হবে আকাশচুম্বি। ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচের আগে পাকিস্তান দলকে তাই মজার এক পরামর্শ দিয়েছেন দলটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

সেমিফাইনালে জায়গা করে নিতে হলে ইংলিশদের সঙ্গে আগে ব্যাটিং করে ৩০০ রান করলে পাকিস্তানকে জিততে হবে অন্তত ২৮৭ রানের ব্যবধানে। আগে বোলিং করলে ইংল্যান্ডকে অলআউট করতে হবে ৫০ রানের মধ্যে। সেই রান তাড়া করতে হবে ২ ওভারের মধ্যে। ক্রিকেট মাঠে এমন সমীকরণ মেলানো কোনোভাবেই সম্ভব নয়।

কিংবদন্তি ওয়াসিম আকরাম পাকিস্তানকে তাই সেমিফাইনালে যাওয়ার জন্য অভিনব এক উপায়ই বাতলে দিলেন! সেটা অবশ্য এই কিংবদন্তি মজা করেই বলেছেন। আকরাম বলেছেন, আগে ব্যাটিং করে প্রয়োজন অনুযায়ী রান করতে হবে। এরপর ইংল্যান্ডের ড্রেসিংরুমে বাইরে থেকে তালা লাগিয়ে দিতে হবে। তাতে সবাই ‘টাইমড আউট’ হয়ে যাবে। আর এভাবেই সেমিফাইনালে যেতে পারে পাকিস্তান।

আকরামের এই কৌশলের কথা পাকিস্তানের টেলিভিশন চ্যানেল ‘এ স্পোর্টস’-এর প্যাভিলিয়ন অনুষ্ঠানে বলেছেন সঞ্চালক ফখরে আলম। অনুষ্ঠান শুরুর আগেই পাকিস্তানের এই কৌশলের কথা নাকি জানিয়েছেন আকরাম। যদিও প্রোগ্রাম শুরু হতেই নাকি সেটা ভুলে গেছেন তিনি! এই পেসারের বাজে স্মৃতি নিয়ে তাকে তাই খোঁচাও দিয়েছেন অনুষ্ঠানের সঞ্চালক।