বরিশাল ক্যাডেট কলেজে পুনর্মিলনীতে সেনাপ্রধান

বরিশাল ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের নিয়ে আয়োজিত নবম পুনর্মিলনী অনুষ্ঠানের তিন দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন বর্ণাঢ্য আয়োজনে শেষ হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে বরিশাল ক্যাডেট কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সেনাপ্রধান ক্যাডেটদের কুচকাওয়াজ রিভিউ শেষে প্রাক্তন ও বর্তমান ক্যাডেটদের উদ্দেশে বক্তব্য দেন।

প্রধান অতিথি তার বক্তব্যে ক্যাডেট কলেজের উন্নয়ন এবং আধুনিকায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একইসঙ্গে দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান উল্লেখ করে বর্তমান এবং প্রাক্তন ক্যাডেটদের সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে আগত প্রাক্তন ক্যাডেটদের সঙ্গে মতবিনিময় ছাড়াও পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এর আগে সেনাপ্রধান ক্যাডেট কলেজ প্রাঙ্গণে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানানো হয়।